চলতি বছরের এপ্রিরে ইয়র্কশায়ারের বিপক্ষে সেই ম্যাচে ৮ উইকেট পেয়েছিলেন ডানহাতি এই লেগ স্পিনার। তবে ওয়ার্টন ও হিলকে বোল্ড করা ওই দুইটি আউটের ভিডিও ইনস্টাগ্রামে মুহুর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। রীতিমতো জনপ্রিয় হয়ে ওঠেন ক্রেইন। তবে ইনস্টাগ্রামের হাইলাইটস রিলসে জনপ্রিয় হয়ে থাকতে চান না তিনি। বরং ক্রিকেটে ধারাবাহিকভাবে নিজের ছাপ রাখতে চান।
স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে ক্রেইন বলেন, ‘আমি শুধু একজন ‘হাইলাইটস রিল’ বোলার হয়ে থাকতে চাই না। মাঝে মধ্যে একটা দারুণ ডেলিভারি করব আর সেটাকে আঁকড়ে ধরে বেঁচে থাকব, এটা আমার পছন্দ নয়। আমি সবসময় পরিস্থিতি অনুযায়ী নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি।’
‘একটা উইকেট থেকে কীভাবে সর্বোচ্চ সুবিধা নেওয়া যায়, একজন নির্দিষ্ট ব্যাটারকে কীভাবে পরাস্ত করা যায়—সেটা খুঁজে বের করাতেই আমার বেশি মনোযোগ থাকে। বোলিংয়ে এখন নিজেকে কিছুটা স্বাধীনতাও দিচ্ছি। চেষ্টা করি যত বেশি বৈচিত্র আনা যায়। যত সম্ভব নিজের ঝুলিতে নতুন অস্ত্র যোগ করার চেষ্টা করি। আমার মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ।’
২০১৭ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক হয় ক্রেইনের। তবে জাতীয় দলের জার্সিতে দুইটির বেশি ম্যাচ খেলতে পারেননি। ২০১৮ সালে টেস্টে অভিষেক হলেও একটির বেশি ম্যাচ খেলা হয়নি ডানহাতি এই স্পিনারের। ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেললেও জাতীয় দলে আবারও সুযোগ পেতে অপেক্ষা করতে হয়েছে ৮ বছর।
পাকিস্তান সফরে ত্রিদেশীয় সিরিজের দলে সুযোগ পেয়েছেন ক্রেইন। ওয়ানডে ক্রিকেটে অভিষেকও হয়ে যেতে পারে লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০ ম্যাচে ৭৯ উইকেট নেওয়া স্পিনারের। জাতীয় দলে আবারও সুযোগ পাবেন সেই আশা ক্রেইন নিজেও ছেড়ে দিয়েছিলেন। তবে আবারও থ্রি লায়ন্সকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে খুশি তিনি।
ক্রেইন বলেন, ‘সত্যি বলতে আমি এমনটা আশা করিনি। বিষয়টা অনেকটা আকস্মিকভাবে ঘটেছে। তবে আমার জন্য দারুণ ব্যাপার এবং আমি খুবই উচ্ছ্বসিত। কয়েক বছর আগে এমন একটা সময় ছিল যখন হয়ত আমি মেনেই নিয়েছিলাম আর কখনো হয়ত সুযোগ আসবে না। তখন আমি নিজের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছিলাম। ফলে খেলাটা সেভাবে উপভোগ করতে পারছিলাম না।’