ইংল্যান্ডের সবচেয়ে বড় চুক্তির তালিকায় অনভিষিক্ত ক্রোকম্ব

ইংল্যান্ড ক্রিকেট
হেনরি ক্রোকম্ব, ফাইল ছবি
হেনরি ক্রোকম্ব, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়নি, অথচ ইংল্যান্ডের কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেয়ে গেলেন পেসার হেনরি ক্রোকম্ব। শুধু জায়গা পাওয়াই নয়, তার সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ২০২৬-২৭ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকাও বড় করেছে বোর্ড। এবার পূর্ণাঙ্গ ও উন্নয়নমূলক চুক্তি মিলিয়ে জায়গা পেয়েছেন ৩৯ ক্রিকেটার, যা ইংল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ।

বেন স্টোকস ও মার্ক উডের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় কেন্দ্রীয় চুক্তির জন্য বাড়তি অর্থ হাতে পেয়েছে ইসিবি। গত মৌসুমে ৩০ জনের চুক্তি থাকলেও এবার সংখ্যাটি বেড়ে হয়েছে ৩৯। এর মধ্যে ৩০টি পূর্ণাঙ্গ চুক্তি এবং ৯টি উন্নয়নমূলক চুক্তি। গতবারের পূর্ণাঙ্গ চুক্তিতে থাকা জ্যাক ক্রলি ও লুক উড এবার বাদ পড়েছেন।

ক্রোকম্বের পাশাপাশি দুই বছরের চুক্তি পেয়েছেন জর্ডান কক্সও। এ ছাড়া গত মৌসুমে চুক্তিতে না থাকা টম ব্যান্টন, স্যাম কুক, এমিলিও গে, ম্যাথু ফিশার, ড্যান লরেন্স ও অলি রবিনসন পেয়েছেন এক বছরের চুক্তি। এবারের গ্রীষ্মে পারফরম্যান্স দিয়ে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্টের নজর কেড়েছেন তাঁরা।

ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নজরে এসেছেন ক্রোকম্ব। এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের প্রথম বিভাগে ২৩.৫২ গড়ে ৪০ উইকেট নিয়েছেন তিনি, যার মধ্যে রয়েছে দুটি হ্যাটট্রিক। তবে শুধু টেস্ট ক্রিকেটেই সীমাবদ্ধ থাকতে চান না এই পেসার। টয়োটা পিসিএ অ্যাওয়ার্ডসে নিজের লক্ষ্য জানিয়ে তিনি বলেন, 'সামনে সাদা বলের ক্রিকেটে নিজের খেলাকে আরও উন্নত করতে চাই, যাতে ইংল্যান্ডের হয়ে সব সংস্করণে খেলার জন্য প্রস্তুত থাকতে পারি।'

২০২৩ সালে একাধিক বছরের কেন্দ্রীয় চুক্তির প্রচলন করেন ইংল্যান্ডের ব্যবস্থাপনা পরিচালক রব কি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সারা বছর খেলার সুযোগের জন্য ক্রিকেটাররা যেন আন্তর্জাতিক ক্রিকেটের ডাক ফিরিয়ে না দেন, সেটিই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। অনভিষিক্ত ক্রিকেটারদেরও দীর্ঘমেয়াদি চুক্তি দেওয়ার সিদ্ধান্তের পক্ষে রব কি বলেন, 'এই চুক্তিগুলোর সুবিধা অসুবিধার চেয়ে অনেক বেশি।' তার মতে, এ ব্যবস্থায় কয়েকজন ক্রিকেটারকে নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা এবং আগামী দুই বছরের প্রস্তুতি সাজানো সম্ভব হচ্ছে।

দুই বছরের চুক্তিতে থাকা ক্রিকেটার: জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, উইল জ্যাকস, জো রুট ও জশ টাং। তাদের চুক্তির মেয়াদ ২০২৮ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

এক বছরের চুক্তিতে থাকা ক্রিকেটার: রেহান আহমেদ, টম ব্যান্টন, শোয়েব বশির, জস বাটলার, ব্রাইডন কার্স, স্যাম কুক, লিয়াম ডসন, বেন ডাকেট, ম্যাথু ফিশার, এমিলিও গে, ড্যান লরেন্স, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, অলি পোপ, ম্যাথু পটস, আদিল রশিদ, অলি রবিনসন, ফিল সল্ট ও জেমি স্মিথ। তাদের চুক্তির মেয়াদ ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

উন্নয়নমূলক চুক্তিতে থাকা ক্রিকেটার: জেমস কোলস, ম্যাসন ক্রেন, জশ হল, এডি জ্যাক, বেন ম্যাককিনি, লিয়াম প্যাটারসন-হোয়াইট, থমাস রিউ, ম্যাথু রিভিস ও মিচেল স্ট্যানলি। এই চুক্তির আওতায় ইসিবি তাঁদের কাউন্টি দলের বেতনের অর্ধেক বহন করবে এবং এর সঙ্গে অতিরিক্ত ২৫ শতাংশ অর্থ দেবে। এর ফলে ইংল্যান্ড লায়ন্সের হয়ে খেলানোর প্রয়োজনে তাঁদের কাউন্টি ক্রিকেট কিংবা ফ্র্যাঞ্চাইজি লিগ থেকে সরিয়ে নেওয়ার সুযোগ বাড়বে বোর্ডের।

চুক্তি থেকে বাদ পড়া ক্রিকেটার: জ্যাক ক্রলি ও লুক উড। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ায় বেন স্টোকস ও মার্ক উডও আর চুক্তিতে নেই। এ ছাড়া উন্নয়নমূলক চুক্তি থেকে বাদ পড়েছেন টম লস।

আরো পড়ুন: