দুই বছর ধরে টি-টোয়েন্টিতে ভারতের অধিনায়কত্ব করে কোনো সিরিজ না হারানো এবং বিশ্বকাপ ও এশিয়া কাপ জেতার পরও দলে জায়গা না পাওয়ার সিদ্ধান্তে বিস্মিত হয়েছিলেন সূর্যকুমার। এত দিন এ নিয়ে প্রকাশ্যে কিছু না বললেও এবার ভারতের সাবেক ওপেনার আকাশ চোপড়ার সঙ্গে আলাপে নিজের অনুভূতির কথা জানিয়েছেন তিনি।
দলে নিজের নাম না দেখে শুধু হেসেছিলেন বলে জানিয়েছেন সূর্যকুমার। তিনি বলেন, ‘যখন আমার নাম ছিল না, আমি হেসেছিলাম। কারণ এক-দুই বছর দলের সঙ্গে খেলার সময়, চাপের মধ্যে বা যখন কিছু আমার পক্ষে যাচ্ছিল না, তখনও আমি হেসেছি। নিজেকে শান্ত রেখেছি। অতীতে যখন ভালো করার সুযোগ পেয়েছি, সেই মুহূর্তগুলোর জন্য আমি কৃতজ্ঞ।’
২০২৬ সালে বিশ্বকাপ জেতার পর আরও দুই বছর ভারতকে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা ছিল তার। সূর্যকুমার বলেন, ‘আমি ভেবেছিলাম সামনে আরও দুই বছর দলকে এগিয়ে নিয়ে যাব। অলিম্পিক আসবে, এরপর আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। কিন্তু আপনি যা ভাবছেন আর অন্য ব্যক্তি যা ভাবছেন, দুটি বিষয় আলাদা। তারা যদি মনে করে থাকে সামনে দলের জন্য এটাই ভালো সিদ্ধান্ত, তাহলে সেটাকে সম্মান করা উচিত। আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি। অন্য কারও নেতৃত্বে দল ভালো করলে আমার কোনো সমস্যা নেই।’
নেতৃত্ব হারিয়ে শ্রেয়াস আইয়ারের প্রতি কোনো ক্ষোভ নেই বলেও জানিয়েছেন সূর্যকুমার। বরং তাঁর ব্যাটিং ও নেতৃত্বের প্রশংসা করেছেন তিনি। তবে নির্বাচকদের সিদ্ধান্তে হতাশ হয়েছিলেন স্বীকার করে এই ব্যাটার বলেন, ‘আমি শ্রেয়াসের সঙ্গে অনেক ক্রিকেট খেলেছি। সে ভালো খেলোয়াড়, ভালো মানুষ এবং ভালো অধিনায়কও। তাই তাকে কেন অধিনায়ক করা হলো, এমনটা ভাবিনি। তবে আমি কিছুটা হতাশ হয়েছিলাম। কারণ দুই বছরে আপনি একটি সিরিজও হারেননি, বিশ্বকাপ ও এশিয়া কাপ জিতেছেন। তখন মনে হচ্ছিল, সবকিছু যখন ভালো চলছে, পরিবর্তনের কারণ কী?’
বিশ্বকাপ জয়ের কয়েক মাসের মধ্যেই নেতৃত্ব ও দল থেকে বাদ পড়ার বিষয়টি মেনে নেয়া কঠিন ছিল সূর্যকুমারের জন্য। তিনি বলেন, ‘আমি ভাবছিলাম, এটা কীভাবে হতে পারে? কীভাবে সম্ভব? আমরা তো মাত্র বিশ্বকাপ জিতেছি। আইপিএল আমার প্রত্যাশামতো ভালো যায়নি, এটা ঠিক। এরপর আমরা বাড়িতে ছিলাম। বন্ধু, পরিবার সবাই বলেছে, এটা জীবনের অংশ। কিন্তু তারা যখন বাড়ি থেকে চলে যায়, তখন তো আপনি একা বাড়িতে থাকেন।’
দল ঘোষণার দুই-তিন দিন আগে নির্বাচকেরা তাঁকে ফোন করে বিষয়টি জানিয়েছিলেন বলেও জানান সূর্যকুমার। তার ভাষায়, ‘নির্বাচকরা বলেছিল, এখন এগিয়ে যাওয়ার সময়। আমি কোনো প্রতিক্রিয়া দেখাইনি। কারণ এটা আমার হাতে ছিল না। তারা নিশ্চয়ই ভেবেছে, দলের জন্য এটাই ভালো সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিয়েছে, আমাকে জানিয়েছে, এতে আমার কোনো সমস্যা নেই।’
জাতীয় দলে ফেরার জন্য নিজেকে প্রস্তুত রাখার কথাও জানিয়েছেন সূর্যকুমার। তিনি বলেন, ‘আমি প্রস্তুত। যেকোনো সময় ডাকলে আসব। আমি যেকোনো সময় ক্রিকেট খেলতে প্রস্তুত। খেলা চালিয়ে যাব।’