‘বাংলাদেশের বিপক্ষে ভুল দল বাছাইয়ের খেসারত দিচ্ছে অস্ট্রেলিয়া’

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশের বিপক্ষে ডারউইনে প্রথম টেস্টে ৯ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চাইছে অস্ট্রেলিয়া। আগামী শনিবার ম্যাকাইয়ে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সিরিজে সমতা ফেরাতে না পারলে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জায় পড়তে হবে স্বাগতিকদের।

তবে দ্বিতীয় টেস্টের আগে অস্ট্রেলিয়ার দল নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল। তার মতে, দল গঠনের ক্ষেত্রে নির্বাচকেরা এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে এখন নিজেদের তৈরি করা সমস্যার সমাধানও তাদেরই করতে হচ্ছে।

চ্যাপেল বলেন, ‘শুরুতেই যদি ভুল খেলোয়াড় বেছে নেন, তাহলে সমস্যায় পড়তে হয়। দল নির্বাচনের মাধ্যমে আমার কাছে মনে হয়েছে, তারা বিষয়গুলো খুব ভালোভাবে বোঝেনি। এখন নির্বাচকেরাই নিজেদের তৈরি করা সমস্যায় পড়েছেন। তাদেরই এর থেকে বের হওয়ার পথ খুঁজে বের করতে হবে।’

দ্বিতীয় টেস্টের ব্যাটিং সাজানো নিয়েও নির্দিষ্ট কিছু পরিবর্তনের পরামর্শ দিয়েছেন চ্যাপেল। স্টিভ স্মিথকে তিন নম্বরে ব্যাট করানোর পক্ষে তিনি। সেক্ষেত্রে মার্নাস ল্যাবুশেনকে সেই জায়গা থেকে সরিয়ে দেয়ার পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক।

ল্যাবুশেনের সাম্প্রতিক ফর্মও চ্যাপেলের সমালোচনার কারণ। ২০২৩ সালের অ্যাশেজে সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করেন ল্যাবুশেন। এরপর ৪২ ইনিংসে তিনি করেন ৯৫৯ রান, গড় ২৫.২৩। আছে নয়টি ফিফটি, সর্বোচ্চ ৯০।

এ ছাড়া অলরাউন্ডার বেউ ওয়েবস্টারকে সাত নম্বরে ব্যাট করানোর সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তুলেছেন চ্যাপেল। তার মতে, প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো রেকর্ড থাকা ওয়েবস্টারকে আরও ওপরে খেলানো উচিত।

ওয়েবস্টারকে সাত নম্বরে খেলানো নিয়ে চ্যাপেল বলেন, ‘সে সেঞ্চুরি করার জন্য দলে আছে, অথচ তাকে সাত নম্বরে ব্যাট করানো হচ্ছে। এটা কী ধরনের সিদ্ধান্ত? এটা একেবারেই অর্থহীন।’

ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টেও অস্ট্রেলিয়া জিততে না পারলে শুধু সিরিজ হার নয়, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্টও হারাবে তারা। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলটি এখনো পয়েন্ট তালিকার শীর্ষে আছে। তবে সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ড কাছাকাছি থাকায় বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের ফল অস্ট্রেলিয়ার জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।