টি-টোয়েন্টি ক্রিকেটে গত কয়েক মাসে পাকিস্তানের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটারে পরিণত হয়েছেন ৩০ বছর বয়সী ফারহান। পাশাপাশি এক দিনের ক্রিকেটেও নিয়মিত সুযোগ পাচ্ছেন তিনি। ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই ডানহাতি ব্যাটার।
ফারহান বলেন, ‘আমি ঘরোয়া ক্রিকেটের কোনো ম্যাচই ছাড়ি না। গত চার বছরে সেখানে ধারাবাহিকভাবে ভালো খেলেছি। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত কঠোর পরিশ্রমের ফলই এখন পাচ্ছি।’
শেষবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ফারহান। সাত ম্যাচে দুটি শতক ও দুটি অর্ধশতকে তিনি করেন ৩৮৩ রান। পুরো আসরে তার গড় ছিল ৭৬.৬০ এবং স্ট্রাইক রেট ছিল ১৬০.২৫।
এরপর পিএসএলেও ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখেন তিনি। মুলতান সুলতান্সের হয়ে ১০ ম্যাচে একটি সেঞ্চুরি ও দুটি হাফ সেঞ্চুরিতে ৩৮০ রান করেন ফারহান। সেই প্রতিযোগিতিতেও সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন তিনি।
এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে দলে ফিরে তিন ম্যাচে করেন ৩৭ রান। আগামী ২৫ জুলাই থেকে ৬ আগস্ট পর্যন্ত ত্রিনিদাদ ও টোবাগোতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে পাকিস্তান। এরপর ১৯ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ড সফরে তিন ম্যাচের আরেকটি টেস্ট সিরিজে অংশ নেবে দলটি।