বিশ্বকাপের পর প্রথম সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে ০-২ ব্যবধানে সিরিজ হারার আগে টানা ১৬টি টি-টোয়েন্টি সিরিজ ও টুর্নামেন্টে অপরাজিত ছিল ভারত। এরপর ইংল্যান্ড সফরেও হতাশাজনক পারফরম্যান্স করে আইয়ারের দল। পাঁচ ম্যাচের সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর বাকি চার ম্যাচেই হেরে ৪-০ ব্যবধানে সিরিজ খোয়ায় ভারত।
অশ্বিনের বিশ্বাস, জাতীয় দলে ফেরার সুযোগ এখনও রয়েছে সূর্যকুমারের। যদিও অধিনায়ক হিসেবে ফেরা কঠিন হবে বলে মনে করেন তিনি। তার মতে, ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের মাধ্যমে ব্যাটার হিসেবে আবারও জাতীয় দলে জায়গা করে নিতে পারেন এই মুম্বাই তারকা।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘ও কোথায় খেলবে? যদি সৈয়দ মুশতাক আলি ট্রফিতে ভালো খেলতে পারে, তাহলে কেন ফিরতে পারবে না? অধিনায়ক হিসেবে ফেরা এখন কঠিন। ব্যাটার হিসেবে ফিরে আসার চেষ্টা করা উচিত। সামনে তার দুটি টুর্নামেন্ট রয়েছে। প্রথমে সৈয়দ মুশতাক আলি ট্রফি, এরপর আইপিএলে ভালো খেলতে হবে। কারও জন্যই জাতীয় দলের দরজা বন্ধ করে দেওয়া উচিত নয়। তবে যেভাবে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, তাতে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে।’
এদিকে ভারতের বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবকে যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলেও মন্তব্য করেছেন অশ্বিন। তার আশা, ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কুলদীপকে আরও ভালোভাবে ব্যবহার করবে টিম ম্যানেজমেন্ট।
অশ্বিন বলেন, ‘সবচেয়ে বড় বিষয় হলো কুলদীপ ও বুমরাহ ফিরছে। বুমরাহর ফর্ম ও বোলিং দেখার অপেক্ষায় আছি, কারণ ভারতীয় ক্রিকেটের জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। এটা দলের জন্য বড় শক্তি। বিরাট ও রোহিত তাদের অভিজ্ঞতা দিয়ে অবদান রাখবে, কিন্তু বুমরাহ ও কুলদীপই বড় পার্থক্য গড়ে দিতে পারে। কুলদীপকে খুব ভালোভাবে দেখভাল করা হয়নি। আমি সত্যিই আশা করি, এবার তাকে সঠিকভাবে ব্যবহার করা হবে। বরুণ চক্রবর্তী দলে নেই, তাই কুলদীপকে আক্রমণাত্মক অস্ত্র হিসেবে কাজে লাগানো উচিত।’