লর্ডসেই ক্যারিয়ারের ইতি টানছেন বিউমন্ট

নারী ক্রিকেট
টমি বিউমন্ট
টমি বিউমন্ট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইংল্যান্ডের অভিজ্ঞ ওপেনার টমি বিউমন্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের বিপক্ষে শুক্রবার শুরু হতে যাওয়া টেস্ট ম্যাচের পরই দীর্ঘ ক্যারিয়ারের ইতি টানবেন এই ইংলিশ তারকা। ফলে লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম নারী টেস্টই হয়ে উঠছে বিউমন্টের বিদায়ী ম্যাচ।

৩৫ বছর বয়সী এই ব্যাটার প্রায় ১৭ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন ঐতিহাসিক লর্ডসে। ২০০৯ সালে ইংল্যান্ডের হয়ে অভিষেকের পর এখন পর্যন্ত ২৬০টি ম্যাচ খেলেছেন বিউমন্ট। ওয়ানডেতে ইংল্যান্ড নারী দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও তার দখলে। ওয়ানডে ফরম্যাটে ১২টি সেঞ্চুরি করেছেন তিনি।

তিন ফরম্যাটেই ইংল্যান্ডের হয়ে সেঞ্চুরি করা দ্বিতীয় নারী ক্রিকেটার বিউমন্ট। সব মিলিয়ে ইংল্যান্ডের মাত্র পঞ্চম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন তিনি। ২০২৩ সালে ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০৮ রানের ইনিংস খেলে ইংল্যান্ড নারী দলের প্রথম ডাবল সেঞ্চুরিয়ানও হন বিউমন্ট।

বিদায়ের ঘোষণা দিয়ে বিউমন্ট বলেছেন, ‘প্রায় ১৭ বছর ইংল্যান্ডের হয়ে খেলতে পারা আমার জীবনের সবচেয়ে বড় সম্মান। ছোটবেলায় যখন ক্রিকেটের প্রেমে পড়েছিলাম, তখন ইংল্যান্ডের হয়ে খেলার সুযোগ যে একদিন আমার সামনে আসবে, সেটিই জানতাম না। এখন ভাবতে খুব ভালো লাগে, বিশেষ করে এই গ্রীষ্মে, কত ছেলে ও মেয়েকে ক্রিকেট খেলতে অনুপ্রাণিত করা গেছে এবং আমাদের দেশে খেলাটি কতটা এগিয়ে গেছে।’

পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেয়ার সময় এসেছে বলেও মনে করেন বিউমন্ট। তার ভাষায়, ‘আমরা সব সময়ই চেয়েছি এই ক্যাপের মর্যাদা পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে। এখন সেই দায়িত্ব নতুন প্রজন্মের ইংল্যান্ড ক্রিকেটারদের হাতে তুলে দেয়ার সময় এসেছে।’

লর্ডসেই বিদায় নেয়াকে বিশেষ বলে মনে করছেন বিউমন্ট। তিনি বলেন, ‘লর্ডসে এই টেস্ট, যা আমাদের প্রথম নারী টেস্ট, আমার ক্যারিয়ারের ইতি টানার জন্য একেবারে উপযুক্ত উপলক্ষ। এমন একটি ক্যারিয়ার হবে, সেটি আমি কখনো কল্পনাও করিনি।’