গত বছরের জুলাইয়ে সারের হয়ে দুটি ম্যাচ খেলে ১১ উইকেট নিয়েছিলেন এই স্পিনার। এবার গ্লস্টারশায়ারের হয়ে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন তিনি।
চলতি মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্লস্টারশায়ারের পারফরম্যান্স হতাশাজনক। প্রথম আট ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি এবং কার্যত পরের স্তরে ওঠার লড়াই থেকে ছিটকে গেছে। তবে ক্লাবের ক্রিকেট পরিচালক জন লুইস জানিয়েছেন, মৌসুমের শেষ ছয় ম্যাচে ভালো ক্রিকেট খেলতে তারা দৃঢ়প্রতিজ্ঞ। সাই কিশোরকে দলে নেওয়াও সেই পরিকল্পনারই অংশ।
লুইস বলেন, 'সাই কিশোরকে দলে পেয়ে আমরা খুবই উচ্ছ্বসিত। সে অভিজ্ঞ ও নিজেকে প্রমাণ করা একজন ক্রিকেটার। আমাদের বিশ্বাস, সে দলের জন্য বড় অবদান রাখবে।'
তিনি আরও বলেন, 'মৌসুমের শেষ ছয়টি ম্যাচে ভালো ক্রিকেট খেলতে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। বছরের এই সময়ে উইকেট সাধারণত স্পিন বোলিংয়ের জন্য সহায়ক থাকে। তাই আমরা আশা করছি, সাই দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলবে।'
নতুন দলে যোগ দিতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাই কিশোরও। তিনি বলেন, 'এই সুযোগ করে দেওয়ার জন্য জন লুইস এবং গ্লস্টারশায়ারের সবাইকে আন্তরিক ধন্যবাদ। ঐতিহ্যবাহী এই ক্লাবের হয়ে খেলার সুযোগ পাওয়া আমার জন্য দারুণ রোমাঞ্চের। অনেক দিন ধরেই ইংল্যান্ডের কন্ডিশনে নিজের সামর্থ্য পরীক্ষা করতে চেয়েছি। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পর মনে হয়েছে, এটাই আমার জন্য সঠিক সিদ্ধান্ত। ব্রিস্টল ও চেলটেনহ্যামের সমর্থকদের সামনে খেলতে এবং দলের জন্য অবদান রাখতে মুখিয়ে আছি।'
প্রথম শ্রেণির ক্রিকেটে কিশোরের রেকর্ড দুর্দান্ত। তামিলনাড়ুর হয়ে ৫৪ ম্যাচে ২৪.২১ গড়ে নিয়েছেন ২২৩ উইকেট। তবে চলতি বছরটা তার জন্য খুব একটা ভালো যায়নি। আইপিএলের সর্বশেষ মৌসুমে গুজরাট টাইটান্সের হয়ে মাত্র তিনটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি।
গ্লস্টারশায়ার জানিয়েছে, আগামী ২০ আগস্ট থেকে চেলটেনহ্যামে ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচ থেকেই দলের হয়ে খেলতে পারবেন কিশোর।