ওয়েস্ট সিরিজের দলে পরিবর্তন আনল নিউজিল্যান্ড

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
নিউজিল্যান্ড দল, ফাইল ফটো
নিউজিল্যান্ড দল, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সফরের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগেই ধাক্কা খেয়েছে নিউজিল্যান্ড। গোড়ালির চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার বেন সিয়ার্স। তার পরিবর্তে ১৬ সদস্যের দলে ডাক পেয়েছেন বেন লিস্টার। আগামী কয়েক দিনের মধ্যেই গায়ানায় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

গত মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে চার দিনের ম্যাচের পর থেকেই গোড়ালিতে অস্বস্তি অনুভব করছিলেন সিয়ার্স। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের শেষ দিনে সেই চোট আরও বেড়ে যায়। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাকে দেশে ফিরিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট।

২০২৩ সালে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া লিস্টার এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছেন। সেই ম্যাচগুলোতে তার শিকার ছয় উইকেট। সর্বশেষ গত এপ্রিলে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও নিউজিল্যান্ড দলে ছিলেন তিনি।

সাম্প্রতিক সময়ে পেস বোলারদের চোট নিউজিল্যান্ডের জন্য বড় উদ্বেগ হয়ে উঠেছে। পিতৃত্বকালীন ছুটির কারণে ইংল্যান্ড সফরের টেস্ট সিরিজে না থাকা জ্যাকব ডাফি দলে ফিরেছেন। তবে গোড়ালির অস্ত্রোপচারের কারণে এবার দলে নেই ব্লেয়ার টিকনার। অন্যদিকে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে টানা খেলার পর কাজের চাপ বিবেচনায় বিশ্রাম দেওয়া হয়েছে উইল ও'রুর্কি, কাইল জেমিসন ও ম্যাট হেনরিকে।

দলে পেস আক্রমণে ডাফির সঙ্গে থাকছেন নাথান স্মিথ, ক্রিস্টিয়ান ক্লার্ক, ম্যাথিউ ফিশার ও লিস্টার। স্পিন বিভাগে নেতৃত্ব দেবেন অধিনায়ক মিচেল সান্টনার। তার সঙ্গে থাকবেন মাইকেল ব্রেসওয়েল ও জেইডেন লেনক্স।

সিরিজের প্রথম তিনটি একদিনের আন্তর্জাতিক ম্যাচ ১১, ১৩ ও ১৬ জুলাই গায়ানায় অনুষ্ঠিত হবে। শেষ দুটি ম্যাচ ১৯ ও ২১ জুলাই বার্বাডোজে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজিল্যান্ড স্কোয়াড- মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাথিউ ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে, নিক কেলি, টম লাথাম, জেইডেন লেনক্স, বেন লিস্টার, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, নাথান স্মিথ ও উইল ইয়াং।

আরো পড়ুন: