‘আমার হাত বাঁধা’, সূর্যবংশীকে না খেলানো নিয়ে আইয়ার

ভারত ক্রিকেট
শ্রেয়াস আইয়ার ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
শ্রেয়াস আইয়ার ও বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর এবার ইংল্যান্ডের বিপক্ষে নতুন চ্যালেঞ্জের সামনে ভারত। জাতীয় দলের অধিনায়ক হিসেবে শুরুটা হতাশাজনক হওয়ায় সমালোচনার মুখে রয়েছেন শ্রেয়াস আইয়ার। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উঠে আসে সাম্প্রতিক ব্যর্থতা, দল নির্বাচন এবং বৈভব সূর্যবংশীকে না খেলানোর প্রসঙ্গ।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে বৈভবকে সুযোগ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েও প্রশ্নের মুখে পড়েন আইয়ার। তবে এ বিষয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেননি ভারত অধিনায়ক। তার মতে, দল নির্বাচন পুরোপুরি দলের অভ্যন্তরীণ বিষয় এবং প্রতিপক্ষের কথা বিবেচনায় রেখে সব সিদ্ধান্ত প্রকাশ করা সম্ভব নয়।

আইয়ার বলেন, 'দেখুন, ভবিষ্যতে কী হবে, কেউ বলতে পারে না। আমরা কী করব, এটা বলা সম্ভব নয়। কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমার হাত বাঁধা। কারণ বিষয়টা গোপনীয়। এগুলো আমরা শুধু দলের মধ্যেই আলোচনা করি। আমরা কোন ১১ জনকে নিয়ে খেলব, সেটা সকলকে জানানো যায় না। প্রতিপক্ষকে আগাম আভাস দেওয়া সম্ভব নয়। এটুকু বলব, নিঃসন্দেহে বৈভব অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার। যখনই সুযোগ পাবে, দারুণ পারফর্ম করবে।'

দলের অভিজ্ঞ ক্রিকেটারদের প্রতি আস্থা রাখার কারণও ব্যাখ্যা করেন ভারত অধিনায়ক। তার ভাষায়, 'এই দলের প্রত্যেকেই ভালো ক্রিকেটার। একজনের জন্য দল সাফল্য পায় না। সবাইকে আস্থা দিতে হবে, সুযোগ দিতে হবে। যারা বিশ্বকাপ জিতিয়েছে, তারা জানে কীভাবে এই সংস্করণের ক্রিকেট খেলতে হয়। তাদের পাশে থাকাটাও গুরুত্বপূর্ণ।'

আয়ারল্যান্ডের বিপক্ষে হারের কারণ হিসেবে মাঠের পরিবেশের কথাও তুলে ধরেন আইয়ার। তিনি বলেন, 'আমরা সম্পূর্ণ অপরিচিত পরিবেশে খেলেছি। মাঠটি প্রচলিত ক্রিকেট মাঠের মতো ছিল না। বাইরের অংশ অসমান ও ঢালু ছিল। মাঠের গঠনও ছিল ভিন্ন ধরনের। এমন পরিস্থিতিতে রক্ষণ সাজানো কঠিন হয়ে পড়ে। আমরা সাধারণত এ ধরনের মাঠে খেলতে অভ্যস্ত নই, তাই এটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল।'

তবে ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভারত অধিনায়ক। আইয়ার বলেন, 'ইংল্যান্ডের মাঠগুলো আমাদের পরিচিত। সেখানে খেলার পরিবেশ, দর্শকদের উপস্থিতি ও আবহ, সবই ভিন্ন। আমরা ইতোমধ্যে এই সিরিজের প্রস্তুতি শুরু করেছি। পরিচিত পরিবেশে নিজেদের সেরাটা তুলে ধরতে পারব বলেই বিশ্বাস করি।'

আরো পড়ুন: