মালানের বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের শুরুর দিক পর্যন্ত। তবে তার বিশ্বাস, আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার লক্ষ্য সামনে রেখে এখনই নতুন কোচের দায়িত্ব নেওয়ার উপযুক্ত সময়।
২০২২ সালের জানুয়ারিতে তিন বছরের চুক্তিতে আয়ারল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব নেন মালান। পরে ২০২৪ সালে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। তার অধীনেই টানা তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ- ২০২২, ২০২৪ ও ২০২৬ আসরে খেলার যোগ্যতা অর্জন করে আয়ারল্যান্ড। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাসও গড়েছিল দলটি। এছাড়া টেস্ট মর্যাদা পাবার পর আইরিশদের এখন পর্যন্ত পাওয়া তিনটি জয়ই এসেছে মালানের অধীনে।
পদত্যাগের ঘোষণায় মালান বলেন, 'এই খেলোয়াড়, কোচিং স্টাফ এবং পুরো আইরিশ ক্রিকেট পরিবারের সঙ্গে কাজ করা আমার জন্য অসাধারণ সম্মানের ছিল। আমার পরিবার ও আমি এখানে দারুণ সময় কাটিয়েছি। আইরিশ ক্রিকেটের সঙ্গে কাটানো দিনগুলো সবসময় ভালোবাসার সঙ্গে স্মরণ করব।'
নিজের সময়ের সাফল্যগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, 'মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো, আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়, বেলফাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ঘরের মাঠের টেস্ট জয়, ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়, পাশাপাশি পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকাকে হারানো এসব অর্জন নিয়ে আমরা গর্ব করতে পারি। বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষে ধারাবাহিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করে টানা টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়াও ছিল বড় অর্জন।'
রোববার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে এক রানে হারিয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে কোনো দ্বিপাক্ষিক সিরিজ জেতে আয়ারল্যান্ড। সেই ঐতিহাসিক সাফল্যের পরদিনই দায়িত্ব ছাড়লেন মালান। আগস্টে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানিস্তানকে আতিথ্য দেবে আয়ারল্যান্ড। নতুন কোচের অধীনেই সেই সিরিজের প্রস্তুতি শুরু করবে দলটি।