এখনই স্টোকসের অবসর নেয়া উচিত নয়: সোয়ান

ইংল্যান্ড ক্রিকেট
বেন স্টোকস
বেন স্টোকস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের পর নাইট ক্লাবের একটি ঘটনায় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) তদন্তের মুখে পড়েছেন অধিনায়ক বেন স্টোকস ও পেসার গাস অ্যাটকিনসন। তদন্ত চলাকালীন সময়ে এই দুই ক্রিকেটারকে ইংল্যান্ডের একাদশের বাইরে রাখা হয়েছে।

গুঞ্জন চলছে দোষী প্রমাণিত হলে স্টোকসকে অবসরে পাঠানো হতে পারে। তবে সাবেক ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান মনে করেন এখনই আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার সময় হয়নি অলরাউন্ডার স্টোকসের। তার এখনও অনেক কিছু দেয়ার বাকি আছে বলে মন্তব্য করেছেন তিনি।

পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে সোয়ান বলেন, 'আমি আশা করি এটি তার ক্যারিয়ারের শেষ নয়। আমার মতে, অ্যান্ড্রু স্ট্রসের পর স্টোকসই ইংল্যান্ডের সেরা অধিনায়ক। অ্যালাস্টার কুক হয়তো এটা শুনে খুশি হবে না! সে একজন দারুণ ম্যান-ম্যানেজার এবং নিজের কাজের মাধ্যমে নেতৃত্ব দেয়। তবে এবার সে নিজেকেই হতাশ করেছে।'

সোয়ান ইসিবির কারফিউ নীতিরও সমালোচনা করেন। তার মতে, খেলোয়াড়দের জন্য এমন বিধিনিষেধ খুব একটা কার্যকর নয়। তিনি নিজেও সাবেক ক্রিকেটার। ক্রিকেটারদের কারফিউ নীতি ভালো কোনো ব্যবস্থা নয় বলে ধারণা তার। ইসিবি এই ঘটনটা থেকে শিক্ষা নেবে বলেও আশা প্রকাশ করেছেন সোয়ান।

তিনি যোগ করেন, 'আমি নিজেও সাবেক ক্রিকেটার। আমাকে কখনোই বোঝাতে পারবেন না যে কারফিউ ভালো কোনো ব্যবস্থা। এটি প্রথম থেকেই অযৌক্তিক ছিল। আমি বুঝি কেন তারা এটি চালু করেছিল—জনসংযোগের দিক থেকে ইতিবাচক বার্তা দিতে। কিন্তু এসব কাজ করে না। আমার মনে হয়, ইসিবি এখান থেকে শিক্ষা নেবে এবং বুঝতে পারবে যে এমন নীতি চালু করাই উচিত হয়নি।'

এর আগে মাইকেল ভন ও নাসের হুসেইনের মতো সাবেক ইংলিশ ক্রিকেটাররাও স্টোকসকে অবসর না নেয়ার পরামর্শ দিয়েছেন। তাদের মতে, ইংল্যান্ড দলের জন্য স্টোকসের নেতৃত্ব ও অভিজ্ঞতা এখনও অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্টোকসের নেতৃত্বে ইংল্যান্ড নিয়মিতই দাপুটে পারফরম্যান্স দেখাচ্ছে।