অশ্বিন মনে করেন, রান তাড়ার প্রথম দিকে দারুণ অবস্থানে থেকেও কীভাবে ম্যাচ হারল গুজরাট টাইটান্স, তা তিনি বুঝতে পারছেন না। তার মতে, শেষ ওভারটি নান্দ্রে বার্গারকে দেয়া হবে বলেই সবার প্রত্যাশা ছিল, কারণ তিনি ভালো ছন্দে ছিলেন। কিন্তু রিয়ান পরাগের সিদ্ধান্তকে শেষ পর্যন্ত তিনি সাহসী ঝুঁকি হিসেবেই দেখছেন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন, ‘আমি বুঝতে পারছি না কীভাবে গুজরাট টাইটান্স এই ম্যাচটা হারল। তারা জয়ের দিকেই ছিল, এরপরও তারা হারল। শেষ ওভারে ১১ রান ডিফেন্ড করতে পাঁচটি ইয়র্কার নিখুঁতভাবে করা সহজ নয়, বিশেষ করে যখন প্রথম বলেই একটি ওয়াইড হয়েছে।'
তিনি আরও যোগ করেন, 'রিয়ান পরাগ শেষ ওভারটি নান্দ্রে বার্গারকে দেননি। আমরা সবাই ভেবেছিলাম বার্গারই শেষ ওভার করবেন। তুষার দেশপান্ডের ওপর রিয়ান পরাগ যে ভরসা দেখিয়েছেন, সেটি ছিল বড় ঝুঁকি। তুষার যদি এমন পারফরম্যান্স না দিতেন, তাহলে রিয়ানের জন্য বিষয়টি ব্যাখ্যা করা কঠিন হয়ে যেত।’
আগে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করেছিল রাজস্থান রয়্যালস। ওপেনার ইয়াসভি জয়সওয়াল ও বৈভব সূর্যবংশী বড় সংগ্রহের ভিত গড়ে দেন। তবে পরে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেই পরিস্থিতিতে ধ্রুব জুরেল দারুণ ব্যাটিং করে ৪২ বলে ৭৫ রান করেন এবং দলকে ২০ ওভারে ৬ উইকেটে ২১০ রানের সংগ্রহ এনে দেন। অশ্বিন মনে করেন, জুরেলের এই ইনিংসই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে।
তিনি বলেন, ‘ধ্রুব জুরেল একটি ফিক্সড ডিপোজিটের মতো, ঠিক লোকেশ রাহুলের মতোই। সে পেসারদের বিপক্ষে ভালো খেলে এবং স্পিনও দারুণ সামলায়। তিন নম্বরে নিয়মিত সুযোগ পেলে সে অরেঞ্জ ক্যাপ তালিকায় থাকবে। এই ইনিংসটি তার আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।’