কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেন ডাসেন

সাউথ আফ্রিকা ক্রিকেট
র‍্যাসি ভ্যান ডার ডাসেন, ফাইল ফটো
র‍্যাসি ভ্যান ডার ডাসেন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অনেকটা আচমকাই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন সাউথ আফ্রিকার অভিজ্ঞ ব্যাটার র‍্যাসি ভ্যান ডার ডাসেন। সম্প্রতি ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ার পরই এই সিদ্ধান্ত নেন তিনি।

জাতীয় দলের হয়ে ডাসেন ছিলেন ভরসার প্রতীক। বিশেষ করে একদিনের ক্রিকেটে তার অবদান ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। সীমিত ওভারের ম্যাচগুলোতে নিয়মিত রান করার পাশাপাশি দলকে স্থিতিশীলতা দেয়ার দায়িত্বও সামলেছেন তিনি।

নিজের দীর্ঘ পথচলার স্মৃতি তুলে ধরে তিনি একটি আবেগঘন বার্তা দিয়েছেন, যেখানে পরিবার, সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সতীর্থ, কোচ ও কাছের মানুষদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, 'আপনারা আমাকে এই যাত্রার অংশ বানিয়েছেন। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে, অনেকভাবে এই খেলাটির কাছে আমি ঋণী।'

বিদায়ের বার্তায় স্ত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, 'তুমি আমার প্রতিটি পদক্ষেপে পাশে ছিলে। সুখ-দুঃখের সব মুহূর্তে তোমার সমর্থন আমাকে শক্তি দিয়েছে, যা ছাড়া এই পথচলা সম্ভব হতো না।'

সমর্থকদের নিয়েও কৃতজ্ঞতা জানিয়েছেন এই ব্যাটার, 'দেশের মানুষের ভালোবাসা এবং মাঠে নামার সময় যে অভিজ্ঞতা পেয়েছি, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই স্মৃতিগুলো সারাজীবন আমার সঙ্গে থাকবে।'

তবে আন্তর্জাতিক অধ্যায়ের ইতি টানলেও ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না ডাসেন। সাউথ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে নতুন প্রজন্মকে শেখাতে চান তিনি।

তরুণদের উদ্দেশে ডাসেন বলেন, 'স্বপ্ন বড় দেখতে হবে এবং তা পূরণে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। আমি কখনো নিজেকে অন্যদের চেয়ে বেশি প্রতিভাবান ভাবিনি, তবু স্বপ্ন পূরণ সম্ভব হয়েছে।'

'জাতীয় দলের হয়ে খেলার সময় শেষ হলেও আমার পথচলা থামছে না। ঘরোয়া ক্রিকেটে খেলব এবং নতুন প্রজন্মকে শেখাতে চাই। এই খেলাটির প্রতি আমার ভালোবাসা সবসময় থাকবে।'

বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে ডাসেনের অবদান ছিল সবচেয়ে বেশি। একদিনের ক্রিকেটে তিনি ৭১ ম্যাচে দুই হাজার ৬৫৭ রান করেন, যেখানে তার গড় ছিল প্রায় পঞ্চাশের কাছাকাছি। এই সংস্করণে ছয়টি শতক ও ১৭টি অর্ধশতক হাঁকিয়ে বহুবার দলের ইনিংস গড়ে তোলার দায়িত্ব পালন করেছেন তিনি।

টেস্ট ক্রিকেটে ১৮ ম্যাচে ৯০৫ রান করেছেন ডাসেন, যেখানে রয়েছে ছয়টি অর্ধশতক। আর সংক্ষিপ্ততম সংস্করণে ৫৭ ম্যাচে এক হাজার ৪০৬ রান করেছেন তিনি, তার ব্যাটিং গতিও ছিল বেশ কার্যকর।

আরো পড়ুন: