বিশ্বকাপ শেষ টেলরের, বদলি কারান

টি-টোয়েন্টি বিশ্বকাপ
ব্রেন্ডন টেলর
ব্রেন্ডন টেলর
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বিশ্বকাপে জিম্বাবুয়ের প্রথম ম্যাচে ওমানের বিপক্ষে চোট পেয়েছিলেন ব্রেন্ডন টেলর। হ্যামস্ট্রিংয়ের সেই চোটে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ৪০ বছর বয়সি উইকেটকিপার ব্যাটার। টেলরের ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সিকান্দার রাজা।

রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি, ব্র্যাড ইভান্সদের দুর্দান্ত বোলিংয়ে ওমানকে ১০৩ রানে আটকে দিয়ে ৮ উইকেটের বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। সেই ম্যাচে উইকেটের পেছনে দাঁড়িয়ে তিনটি ক্যাচ নিয়েছিলেন টেলর। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে ৩০ বলে ৩১ রান নিয়ে যখন ব্যাটিং করছিলেন তখন হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন।

চোট গুরুতর হওয়ায় তখনই মাঠে থেকে উঠে যান ডানহাতি এই ব্যাটার। নিজেদের দ্বিতীয় ম্যাচে টেলর খেলতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় ছিল। ঝুঁকি এড়াতে টিম ম্যানেজমেন্টও তাকে একাদশের বাইরে রাখার সিদ্ধান্ত নিয়েছিল। জানা গেছে, টেলর যদি ফিট হতেন তাহলে পরের ম্যাচগুলোতে তাকে খেলানো হবে।

যদিও চোট থেকে সেরে ওঠা হয়নি টেলরের। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পাশাপাশি পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে গেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করে টসের সময় জিম্বাবুয়ের অধিনায়ক রাজা বলেন, ‘ব্রেন্ডন টেলর চোটে পড়েছেন এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন।’

টেলর না থাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে কিপিং করবেন তাডিওয়ানাশে মারুমানি। এ ছাড়া একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার টনি মুনিয়াঙ্গো। টেলরের চোটে জিম্বাবুয়ের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন বেন কারান। ২৯ বছর বয়সি টপ অর্ডার ব্যাটার ৮টি করে ওয়ানডে এবং টেস্ট খেললেও এখনো টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।

আরো পড়ুন: