এবার পাকিস্তানের প্রতি একই আহ্বান জানাল সংযুক্ত আরব এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তানের। তবে বাংলাদেশের সমর্থনে ম্যাচটি না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিঠি পাঠিয়েছে ইসিবি। এমনটাই জানিয়েছে এনডিটিভি, সূত্রের বরাতে।
চিঠিতে ইসিবি লিখেছে, 'পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমিরাত ক্রিকেট বোর্ডের সম্পর্ক অনেক দিনের। অতীতেও আমরা ভেন্যু দিয়ে এবং ম্যাচ আয়োজন করে পাকিস্তানের পাশে ছিলাম। টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে না খেলার যে সিদ্ধান্ত নিয়েছে।'
তারা আরও যোগ করে, 'সেটা ক্রিকেট এবং অনেক সদস্য দেশের জন্য বিপজ্জনক হবে। আইসিসির সহযোগী দেশগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। পরিবারের একজন সদস্য হিসেবে আমরা পিসিবিকে বলব যেন এই সিদ্ধান্ত তারা পুনর্বিবেচনা করে। সমাধানের পথে হাঁটার জন্য তাদের অনুরোধ করছি।'
আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি না হলে আইসিসির ক্ষতির অঙ্ক ৬ হাজার কোটি টাকারও বেশি হতে পারে। এমন বড় আর্থিক বিপর্যয় এড়াতে পিসিবির সঙ্গে নিয়মিত চিঠি চালাচালি ও সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
এই প্রেক্ষাপটে গতকাল লাহোরে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা। বৈঠকের পর গুঞ্জন জোরালো হয়েছে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে পাকিস্তান। ধারণা করা হচ্ছে খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।