মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন জয়াবর্ধনে

আইপিএল
মাহেলা জয়াবর্ধনে
মাহেলা জয়াবর্ধনে
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহেলা জয়াবর্ধনে। শনিবার এক বিবৃতির মাধ্যমে জয়াবর্ধনের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স কর্তৃপক্ষ। দ্বিতীয়বারের মতো দলটির প্রধান কোচ হিসেবে দায়িত্বে ছিলেন এই লঙ্কান কিংবদন্তি ক্রিকেটার।

প্রথম মেয়াদে ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত মুম্বাইয়ের প্রধান কোচের দায়িত্বে ছিলেন জয়াবর্ধনে। প্রথম মেয়াদে তিনবার মুম্বাইকে চ্যাম্পিয়ন করেন জয়াবর্ধনে। এর মধ্যে ২০১৯ ও ২০২০ সালে টানা দুইবার আইপিএলের শিরোপা জেতে মুম্বাই।

পদত্যাগের ঘোষণা দিয়ে জয়াবর্ধনে বলেন, ‘এক দশকের বেশি সময় ধরে মুম্বাই ইন্ডিয়ান্স আমার পথচলার খুব বিশেষ একটি অংশ। খেলোয়াড়েরা, কোচিং স্টাফসহ সবার অবিশ্বাস্য সমর্থন এবং সর্বোপরি সমর্থকরা এই অভিজ্ঞতাকে এমন কিছুতে পরিণত করেছেন, যা আমি সব সময় মনে রাখব।’

২০২২ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের গ্লোবাল হেড অব ক্রিকেট হিসেবে নিযুক্ত হন জয়াবর্ধনে। তিনি বিশ্বজুড়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে মুম্বাই দলে কার্যক্রমের তদারকির দায়িত্ব পান। এরপর ২০২৫ সালে আবারও মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেন জয়াবর্ধনে।

দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়ে জয়াবর্ধনে বলেন, ‘আমরা একসঙ্গে কিছু অবিস্মরণীয় মুহূর্ত ভাগ করে নিয়েছি, চ্যালেঞ্জ মোকাবিলা করেছি এবং এমন কিছু গড়ে তুলেছি, যা নিয়ে আমরা গর্ব করতে পারি। বছরের পর বছর আমার ওপর আস্থা রাখা, সমর্থন দেওয়া ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার জন্য নীতা আম্বানি ও আকাশ আম্বানিকে আন্তরিক ধন্যবাদ জানাই।’

মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে অর্জনগুলো নিয়েও গর্বিত জয়াবর্ধনে। বর্তমানে দায়িত্ব ছাড়লেও দলটির সঙ্গে সম্পর্ক অটুট থাকবে বলে জানিয়েছেন তিনি। জয়াবর্ধনে বলেন, ‘আমরা একসঙ্গে যা অর্জন করেছি, তা নিয়ে আমি গর্বিত। মুম্বাই ইন্ডিয়ান্স সব সময় আমার হৃদয়ে বিশেষ জায়গা নিয়ে থাকবে। আগামী বছরগুলোতে দলের সাফল্য কামনা করছি।’

আরো পড়ুন: