আইপিএলের এবারের নিলাম অনুষ্ঠিত হবে ভারতের গোয়াতে। চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে পারে এই নিলাম। বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিৎ সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা সংস্থা এএনআইকে সাইকিয়া বলেছেন, ‘গত বছর সৌদি আরব, দুবাই ও আবুধাবিতে আইপিএলের নিলাম আয়োজনের পর এবার আমরা ডিসেম্বরে গোয়ায় নিলাম আয়োজন করতে যাচ্ছি।’
সবকিছু ঠিক থাকলে ২০২৭ আইপিএলের নিলাম এ বছরের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হতে পারে। সবশেষ ২০২৩ সালে ভারতের কোচিতে অনুষ্ঠিত হয়েছে আইপিএলের নিলাম। পরবর্তী তিন মৌসুমের নিলামই হয়েছে ভারতের বাইরে। দুবাই ও জেদ্দার পর গত মৌসুমের নিলাম হয়েছে আবুধাবির ইতিহাত অ্যারেনায়। মিনি নিলামে অতিরিক্ত খরচ বাঁচাতে ভারতে ফেরানো হচ্ছে। তবে পরের বছর মেগা নিলাম হতে পারে বিদেশের মাটিতে।
এদিকে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত চলা চক্রের এটাই শেষ মিনি-নিলাম। আইপিএলের পরবর্তী মৌসুম শুরু নিয়েও বিসিসিআইয়ের পরিকল্পনা রয়েছে। গত জুনে সাইকিয়া জানিয়েছিলেন, প্রতিকূল আবহাওয়ার ঝুঁকি এড়াতে এবার আইপিএল স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা আগে শুরু করার কথা ভাবছে বিসিসিআই।
সে সময় তিনি বলেছিলেন, ১০ মার্চের মধ্যে টুর্নামেন্ট শুরু করে ১৫ মে'র মধ্যে শেষ করার লক্ষ্য তাদের। আইপিএলের সর্বশেষ দুই মৌসুমে টানা চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫ ও ২০২৬ সালে শিরোপা জিতে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন তারাই। দলগুলো মেগা নিলামের আগে শেষবারের মতো নিজেদের গুছিয়ে নেয়ার সুযোগ পাচ্ছে।