‘মালিকের মতোই আচরণ করছেন দ্রাবিড়’

ইটিপিএল
রাহুল দ্রাবিড়, ফাইল ছবি
রাহুল দ্রাবিড়, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগে প্রথম জয়ের দেখা পেয়েছে রাহুল দ্রাবিড়ের মালিকানাধীন ডাবলিন গার্ডিয়ানস। এর আগে টুর্নামেন্টের প্রথম পাঁচ ম্যাচেই হেরেছিল দলটি। এমন কঠিন শুরুর মধ্যেও মালিক হিসেবে দ্রাবিড়ের ভূমিকা নিয়ে প্রশংসা করেছেন দলের কোচ বিক্রম রাঠোর। তার মতে, মাঠের সিদ্ধান্তে হস্তক্ষেপ না করেও দ্রাবিড় যেভাবে দলকে সমর্থন দিয়ে যাচ্ছেন, সেটিই তাঁর নতুন ভূমিকাকে আলাদা করে তুলেছে।

ভারতের সাবেক অধিনায়ক ও কোচ দ্রাবিড় চলতি বছরই ডাবলিন গার্ডিয়ানসের মালিকানায় যুক্ত হন। ভারতীয় একটি কনসোর্টিয়ামের অংশ হিসেবে তিনি ফ্র্যাঞ্চাইজিটি কিনেছেন। টুর্নামেন্টের শুরু থেকেই তিনি জানিয়েছিলেন, দলের ক্রিকেটীয় সিদ্ধান্তে সরাসরি যুক্ত হওয়ার বদলে অফ-ফিল্ড বিষয়গুলো দেখবেন এবং অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিনকে পূর্ণ স্বাধীনতা দেবেন।

এবার সেই পরিকল্পনারই প্রতিফলন দেখা যাচ্ছে মাঠে। ভারতের সাবেক ব্যাটিং কোচ বিক্রম রাঠোর জানিয়েছেন, পাঁচ ম্যাচে জয় না পাওয়ার পরও দ্রাবিড় কোনো চাপ তৈরি করেননি। বরং কঠিন সময়ে কোচিং স্টাফ ও খেলোয়াড়দের পাশে ছিলেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির ভার্চুয়াল মিডিয়া রাউন্ডটেবিলে রাঠোর বলেন, 'রাহুল এখন একজন মালিকের মতোই আচরণ করছে। সে খুব বেশি জড়াচ্ছে না, যেটা ভালো। তবে একজন কোচ হিসেবে সে দীর্ঘ সময় কাজ করেছে বলেই দলের পরিস্থিতি ও ফলাফল কীভাবে বদলাতে পারে, সেটা বোঝে। টুর্নামেন্টের শুরুতে আমরা যখন প্রথম পাঁচ ম্যাচের একটিতেও জিততে পারিনি, তখনও সে আমাদের পুরোপুরি সমর্থন করেছে।'

দ্রাবিড়ের মালিকানাধীন দলটির ক্রিকেটীয় দায়িত্ব মূলত অশ্বিনের হাতেই। সাবেক ভারতীয় অফস্পিনারকে অধিনায়ক ও মেন্টর হিসেবে দলে নেওয়া হয়েছে। অশ্বিনের ক্রিকেটজ্ঞান ও বিশ্বের বিভিন্ন খেলোয়াড় সম্পর্কে ধারণাকে দলের জন্য বড় সম্পদ হিসেবে দেখছেন রাঠোর। একই সঙ্গে তাঁর উপস্থিতি কোচিং স্টাফের কাজও অনেক সহজ করে দিয়েছে বলে জানিয়েছেন তিনি।

বিক্রম রাঠোর বলেন, 'অশ্বিন ক্রিকেট ও ক্রিকেটারদের সম্পর্কে অসাধারণ জ্ঞান রাখে। আমি তাকে প্রায় ক্রিকেটপাগলই বলি। বিশ্বের বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের সম্পর্কে তার যে পরিমাণ জ্ঞান, সেটা সত্যিই অসাধারণ।'

দ্রাবিড়ের মালিকানায় আসার খবর প্রকাশের সময়ও স্পষ্ট ছিল, ক্রিকেটীয় সিদ্ধান্তে তিনি দূরত্ব বজায় রাখতে চান। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে তখন দ্রাবিড় জানিয়েছিলেন, অশ্বিনকে দল পরিচালনায় স্বাধীনতা দেওয়াই তার পরিকল্পনা। এমনকি নিয়মিত ডাগআউটে বসারও ইচ্ছা নেই তার। সেই পরিকল্পনাই এখন বাস্তবে দেখা যাচ্ছে। অন্যদিকে অশ্বিনও জুলাইয়ে জানিয়েছিলেন, দলের ক্রিকেটীয় বিষয়গুলোতে দ্রাবিড়ের হস্তক্ষেপ না করার সিদ্ধান্ত রয়েছে।

আরো পড়ুন: