রবিবার গ্লোবাল সুপার লিগের শিরোপা নির্ধারণী ম্যাচে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ছয় রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে গায়ানা। মাত্র ৮৫ রান করেও প্রতিপক্ষকে আটকে রেখে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জিতেছে ক্যারিবীয় দলটি।
এই জয়ে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার শিরোপা নির্ধারণী ম্যাচে সর্বনিম্ন রান রক্ষা করে জয়ের নতুন ইতিহাস গড়েছে গায়ানা। এর আগে এত কম সংগ্রহ নিয়ে কোনো দল ফাইনালে জয়ের কীর্তি গড়তে পারেনি।
টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় গায়ানা। নবম ওভারের আগেই আট উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় মাত্র ২৯ রান। জনসন চার্লস, শিমরন হেটমায়ার, রহমানউল্লাহ গুরবাজ ও মোহাম্মদ নবীর মতো অভিজ্ঞ ব্যাটাররা ব্যর্থ হন।
সান ফ্রান্সিসকোর হয়ে পিটার সিডল দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন। চার ওভারে মাত্র ১৮ রান দিয়ে তিনটি উইকেট নেন তিনি। তার বোলিংয়ে বড় ব্যবধানে জয়ের পথেই এগোচ্ছিল সান ফ্রান্সিসকো।
তবে শেষদিকে ডোয়েন প্রিটোরিয়াসের ১৭, ম্যাথিউ ফোর্ডের ২৮ এবং ইমরান তাহিরের ১১ রানে ভর করে কোনোভাবে ৮৫ রানে পৌঁছায় গায়ানা। তখনও ম্যাচে তাদের সম্ভাবনা খুব বেশি বলে মনে হয়নি।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতে কিছুটা চাপে থাকলেও অলিভার পিকের ৩১ রানে ঘুরে দাঁড়ায় সান ফ্রান্সিসকো। ২৮ রানে তিন উইকেট হারানোর পর দলটির সংগ্রহ পৌঁছে যায় ৫৩ রানে। কিন্তু এরপর মাত্র ৫ রানের ব্যবধানে আরও পাঁচ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি হারায় তারা। সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি দলটি।
শেষদিকে পিটার সিডল অপরাজিত ১৩ রান করে লড়াই চালিয়ে গেলেও অন্য প্রান্ত থেকে প্রয়োজনীয় সমর্থন পাননি। শেষ পর্যন্ত ৭৯ রানেই থামে সান ফ্রান্সিসকোর ইনিংস। ৬ রানের জয় তুলে নিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের আনন্দে মাতে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। দলটির হয়ে প্রিটোরিয়াস ও নবি তিনটি করে উইকেট নেন।