কদিন আগেই ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের পাশাপাশি টি-টোয়েন্টি ব্লাস্টে খেলেছেন হাসান। দেশের বাইরে কখনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা হয়নি তার। কলম্বোর হয়ে এবারই প্রথম সেই স্বপ্ন পূরণ হয়েছে এলপিএলের মাধ্যমে। শ্রীলঙ্কার টুর্নামেন্টে এখনো পর্যন্ত তিন ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন তিনি।
কলম্বোর হয়ে গত ম্যাচে অবশ্য একাদশের বাইরে ছিলেন। জানা গেছে, অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি নেওয়ার জন্য দেশে ফিরতে যাচ্ছেন হাসান। আগষ্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। যেখানে দুই টেস্টের আগে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন নাজমুল হোসেন শান্তরা। অস্ট্রেলিয়াতে যাওয়ার আগে মিরপুরে ছোট পরিসরে ক্যাম্প করবে বাংলাদেশ।
মূলত সেই ক্যাম্পে যোগ দিতেই এলপিএল থেকে ফিরে আসছেন হাসান। এদিকে একই কারণে শ্রীলঙ্কাতেই যাননি তাসকিন আহমেদ। জিম্বাবুয়ে সফর শেষ করেই জাফনা কিংসের হয়ে খেলতে যাওয়ার কথা ছিল তার। তবে শেষ মুহুর্তে নিজেকে সরিয়ে নিয়েছেন তাসকিন।
হাসান ছাড়াও এলপিএলে খেলছেন মেহেদী হাসান মিরাজ ও নুরুল হাসান সোহান। তাদের দুজনকেই দলে নিয়েছে গল গ্যালান্টস। জাফনার জার্সিতে নিয়মিত পারফর্ম করছেন সাকিব আল হাসান। একই দলের হয়ে খেলবেন তাওহীদ হৃদয় ও রিপন মণ্ডল। দ্রুতই দলের সঙ্গে যোগ দেবেন তারা।