লাহোর কালান্দার্সের হয়ে গ্লোবাল সুপার লিগে খেলবেন বাঁহাতি ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্রও (এনওসি) পেয়েছেন তিনি। বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফিস বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি ক্রিকফ্রেঞ্জিকে বলেছেন, ‘পারভেজ ইমনকে তো আমরা এনওসি দিয়েছি। হ্যাঁ, (জিম্বাবুয়ে সিরিজের পর থেকে) ওকে আমরা এনওসি দিয়েছি জিএসএল খেলার জন্য।’
গ্লোবাল সুপার লিগ প্রথমবার অনুষ্ঠিত হয় ২০২৪ সালে। সেই আসরে পাকিস্তানের প্রতিনিধিত্ব করেছিল পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্স। ২০২৫ সালে পাকিস্তানের কোনো দল না থাকলেও এবার আবারও ফিরছে লাহোর। আর সেই দলে বিদেশি ক্রিকেটার হিসেবে খেলবেন ইমন।
এদিকে বাংলাদেশ দল বর্তমানে জিম্বাবুয়ে সফরে রয়েছে। দুই দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ জুলাই। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ জুলাই। এই সূচির সঙ্গে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) সময়সূচির সংঘর্ষ থাকায় জাতীয় দলের অধিনায়ক লিটন দাস ও পেসার তাসকিন আহমেদকে এলপিএলে অংশ নেওয়ার জন্য সিরিজ থেকে বিরতি দিয়েছে বিসিবি।
ইমনের ক্ষেত্রে এমন কোনো সূচি জটিলতা নেই। গ্লোবাল সুপার লিগ শুরু হবে ২৩ জুলাই। উদ্বোধনী ম্যাচে লাহোর কালান্দার্স মুখোমুখি হবে পার্থ স্কর্চার্স একাদশের। ১৯ জুলাই জিম্বাবুয়ে সফর শেষ করেই নতুন দলের সঙ্গে যোগ দেবেন ইমন।
গ্লোবাল সুপার লিগে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ওপেনার। ক্রিকফ্রেঞ্জিকে তিনি বলেন, ‘অবশ্যই ভালো লাগছে। ওদের হয়ে আমি পিএসএল খেলেছি। এখন আবার আরেকটা সুযোগ এসেছে। অবশ্যই খুব ভালো লাগছে।’
চলতি বছরের পিএসএলে লাহোর কালান্দার্সের জার্সিতে তিন ম্যাচ খেলেছিলেন পারভেজ ইমন। ১৬১-এর বেশি স্ট্রাইক রেটে করেছিলেন ৭১ রান। তবে কাঁধের চোটে এরপর আর মাঠে নামতে পারেননি। অল্প কয়েকটি ম্যাচেই ইমনের সামর্থ্যের ছাপ পেয়েছিল লাহোর। গ্লোবাল সুপার লিগের জন্য বিদেশি ক্রিকেটার হিসেবে তাঁকে দলে রাখা সেই আস্থারই প্রতিফলন। আগামী ২৩ জুলাই শুরু হয়ে এবারের গ্লোবাল সুপার লিগ চলবে ২ আগস্ট পর্যন্ত।