সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টের প্রথম আসরেই শিরোপা জেতে গালফ। তবে পরের কয়েক মৌসুমে ভালো করতে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি। ছয় দলের টুর্নামেন্টের সবশেষ আসরে পয়েন্ট টেবিলের পাঁচে ছিল তারা। এমন পারফরম্যান্সের পর কোচিং প্যানেলে বড়সড় পরিবর্তন এনেছে গালফ।
কদিন আগেই জনাথন ট্রটের জায়গায় প্রধান কোচ হিসেবে সাইমন হেলমটকে দায়িত্ব দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। নতুন ব্যাটিং কোচ হিসেবে যুক্ত হয়েছেন ক্লিঙ্গার। এ ছাড়া ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে কাদের আলীকে। ইংলিশ কাউন্টিতে ওরচেস্টারশায়ারের সহকারী হেডকোচ ছিলেন তিনি।
স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ হয়েছেন গ্যারি ব্রেন্ট। গালফের কোচিং প্যানেলে আগে থেকেই আছেন বোলিং কোচ শেন বন্ড, ফিজিওথেরাপিস্ট জেমস পাইপ এবং পারফরম্যান্স অ্যানালিষ্ট সৌরভ ওয়াকার।
নারী আইপিএলে গুজরাট জায়ান্টসের কোচ ছিলেন ক্লিঙ্গার। দুইটি ফ্র্যাঞ্চাইজির মালিকানায় আছে আদানি স্পোর্টসলাইন। ক্লিঙ্গারকে নিয়োগ দেওয়া নিয়ে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘খেলোয়াড় ও কোচ হিসেবে ক্লিঙ্গারের ব্যাপক অভিজ্ঞতা আছে এবং দলের দুর্দান্ত পারফরম্যান্সের পরিবেশ ও খেলোয়াড় উন্নয়নের পদ্ধতির সঙ্গে বেশ পরিচিত।’