এর আগে পিএসএল নিলামে জেমস ভিন্সকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার জালমি। তবে টুর্নামেন্টের শুরুতে তিনি যোগ দিতে না পারায় বিকল্প হিসেবে বাংলাদেশের ব্যাটার তানজিদ হাসান তামিমকে দলে নেয়া হয়েছিল।
এ বিষয়ে দলটির পক্ষ থেকে জানানো হয়, 'জেমস ভিন্স এখন আনুষ্ঠানিকভাবে দলের অংশ এবং তিনি খেলার জন্য প্রস্তুত।'
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের সিরিজ খেলতে দলের সঙ্গে যোগ দিয়েছেন তানজিদ। তার জায়গাতেই ভিন্স দলে যুক্ত হয়েছেন, যা আগেই নির্ধারিত ছিল।
মুলতান সুলতান্সের বিপক্ষে আজকের ম্যাচ থেকেই জেমস ভিন্সকে দলে দেখা যেতে পারে। তার অন্তর্ভুক্তিতে পেশোয়ার জালমির ব্যাটিং বিভাগ আরও শক্তিশালী হবে বলে আশা করছে পেশোয়ার।
পেশোয়ারের স্কোয়াডে থাকলেও একটি ম্যাচও খেলতে পারেননি তানজিদ। এই দলে অবশ্য আরো দুজন বাংলাদেশি খেলছেন। শরিফুল ইসলাম এবং নাহিদ রানা দলটির হয়ে বেশ কয়েকটি ম্যাচে খেলেছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ থাকায় আজকের ম্যাচের পরই দেশে ফিরবেন শরিফুল-নাহিদ।