ম্যাচ চলাকালে ম্যানেজারের ফোন ব্যবহার, বিপাকে সূর্যবংশী

আইপিএল
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
বৈভব সূর্যবংশী, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি আসরে মাঠের পারফরম্যান্স দিয়ে আলোচনায় থাকা রাজস্থান রয়্যালস এবার বিতর্কে জড়িয়েছে মাঠের বাইরের এক ঘটনায়। গুয়াহাটিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচ চলাকালে দলটির ম্যানেজার রোমি ভিন্ডারকে ডাগআউটে মোবাইল ফোন ব্যবহার করতে দেখা যায়, যা প্রতিযোগিতার নির্ধারিত নিয়মের পরিপন্থী।

ঘটনাটি ঘটে রাজস্থানের রান তাড়ার সময় একাদশ ওভারে। ডাগআউটে বসে ফোন ব্যবহার করছিলেন রোমি, তার পাশেই ছিলেন তরুণ ব্যাটার বৈভব সূর্যবংশী। দেখা যায়, সূর্যবংশীও মাঝে মাঝে ফোনের পর্দার দিকে তাকাচ্ছিলেন। এই দৃশ্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সম্ভাব্য নিয়মভঙ্গ নিয়ে প্রশ্ন ওঠে।

রোমি কেবল দলের কর্মকর্তা নন, সূর্যবংশীর অভিভাবকসুলভ ভূমিকাতেও আছেন। তরুণ এই ক্রিকেটারের পরিবারের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই বিষয়ে ভারতের একটি গণমাধ্যমকে এক কর্মকর্তা বলেন, 'ম্যানেজাররা ফোন রাখতে পারেন, কিন্তু এর ব্যবহারের নিয়ম খুব স্পষ্ট। ডাগআউটে ফোন ব্যবহার করা গুরুতর ভুল।'

তিনি আরও বলেন, 'রোমি খেলোয়াড়দের পাশে বসে ফোন ব্যবহার করছিলেন এবং খেলোয়াড়রা তার পর্দার দিকে তাকাচ্ছিল। এখানে কোনো ধোঁয়াশা নেই, বিষয়টি এখন তদন্তের ওপর নির্ভর করছে।'

নিয়ম অনুযায়ী ড্রেসিং রুম এলাকায় ফোন ব্যবহার করার অনুমতি থাকলেও ডাগআউট সম্পূর্ণ নিয়ন্ত্রিত অঞ্চল হিসেবে বিবেচিত। এসব জায়গা কঠোর নজরদারিতে থাকে এবং অননুমোদিত যোগাযোগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা রাখা হয়।

এ কারণে ঘটনাটি নিয়ন্ত্রক সংস্থার দৃষ্টিতে গুরুতর হিসেবে বিবেচিত হচ্ছে। বিষয়টি এখন ম্যাচ রেফারি ও দুর্নীতি দমন সংস্থার পর্যবেক্ষণে রয়েছে। নিয়ম ভঙ্গ প্রমাণিত হলে আর্থিক জরিমানা থেকে শুরু করে ম্যাচ সংশ্লিষ্ট কার্যক্রমে নিষেধাজ্ঞার মতো শাস্তির সম্ভাবনা রয়েছে।

সবশেষে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিবেদন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। মাঠের দাপটের পাশাপাশি এমন বিতর্ক রাজস্থান দলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। চলতি আইপিএলে চার ম্যাচে চারটি জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রাজস্থান।

আরো পড়ুন: