দ্য হান্ড্রেডে প্রতিটা মিনিটই অপছন্দ করছিলাম: অ্যান্ডারসন

দ্য হান্ড্রেড
জেমস অ্যান্ডারসন, ফাইল ফটো
জেমস অ্যান্ডারসন, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
৪৩ বছর বয়সে কাউন্টি ক্লাব ল্যাঙ্কাশায়ায়ের অধিনায়কত্ব পান জেমস অ্যান্ডারসন। এরপর ঘরোয়া ক্রিকেটটা আরো বেশ কিছুদিন চালিয়ে যাবেন বলেই মনে হচ্ছিলো। কিন্তু এবার অবশ্য ফ্র‍্যাঞ্জাইজিভিত্তিক টুর্নামেন্ট 'দ্যা হান্ড্রেড' এর নিলামে নাম দেননি ইংল্যান্ডের সাবেক এই পেসার। এই টুর্নামেন্টের গত আসরের দুঃসহ স্মৃতির কারণেই এবারের মৌসুমে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বলে জানান তিনি। গত বছর 'দ্য হান্ড্রেড'-এর প্রতিটা মিনিটকে ঘৃণা করতে শুরু করেছিলেন বলেই তার নিজেকে সরিয়ে নেয়া।

‎'দ্যা হান্ড্রেড' টুর্নামেন্টের সবশেষ আসরে ম্যানচেস্টার অরিজিনালসে যোগ দিয়েছিলেন অ্যান্ডারসন। পুরো আসরে কেবল তিনটি ম্যাচে মাঠে নামেন তিনি। সেই তিন ম্যাচে মোটে দুই উইকেট শিকার করতে পেরেছিলেন টেস্টে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭০৪ উইকেটের মালিক। কিন্তু সেই তিন ম্যাচে বেশ খরুচে ছিলেন এই পেসার। ইকোনমি ছিলো ১০.৯২।

‎প্রায় ১৭ বছর আগে ইংল্যান্ডের হয়ে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন অ্যান্ডারসন। ওয়ানডে ক্রিকেটটাও সবশেষ খেলেছেন ২০১৫ বিশ্বকাপে। ক্যারিয়ারের শেষ দশকটা কেবলই টেস্ট ক্রিকেটে মনযোগ দেয়া এই পেসার 'দ্য হান্ড্রেড' টুর্নামেন্টের সাথে মানিয়ে নিতে না পেরে সেখানে থাকতে অপছন্দ করতে শুরু করেছিলেন।

‎ইংল্যান্ডের নতুন ঘরোয়া মৌসুম শুরুর আগে ল্যাঙ্কাশায়ায়ের অধিনায়ক অ্যান্ডারসন একটি সাক্ষাৎকারে বলেন, 'গত বছর "দ্য হান্ড্রেড" খেলাটা আমার জন্য অনেকটা এমন ছিল যে প্রতিটা মিনিটই অপছন্দ করছিলাম, এভাবে বলা যায়। আমি গত বছর একটা অভিজ্ঞতা নিতে চেয়েছিলাম এবং আমার মনে হয় এটি দারুণ একটি টুর্নামেন্ট। কিন্তু আমার জন্য, বিশেষ করে এ বছর ল্যাঙ্কাশায়ায়ের অধিনায়ক হিসেবে, চার দিনের ক্রিকেটের জন্য নিজেকে যতটা সম্ভব ফিট রাখা খুবই গুরুত্বপূর্ণ।'

‎২০২৪ সালের জুলাইয়ে ক্রিকেটের তীর্থ লর্ডসে ৪১ বছর বয়সে ক্রিকেটক বিদায় বলেন টেস্ট ক্রিকেটে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক অ্যান্ডারসন। যদিও টি-টোয়েন্টি ক্যারিয়ারটা খুব বেশি সমৃদ্ধ ছিলো না তার। ইংল্যান্ডের জার্সিতে ১৯ টি টি-টোয়েন্টি খেলে ১৮ উইকেট শিকার করেছিলেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও প্রথম শ্রেণির ক্রিকেটকেই বেশি প্রাধান্য দিয়ে খেলে যাচ্ছিলেন অ্যান্ডারসন। যদিও দীর্ঘ এক দশক পর গত বছর নাম লেখান ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট 'টি-টোয়েন্টি ব্লাস্ট'-এ।

‎ইংল্যান্ডের কাউন্টি দলগুলোকে নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টে ল্যাঙ্কাশায়ারের হয়ে ১১ ম্যাচে ২০ উইকেট শিকার করেন অ্যান্ডারসন। দলকে তোলেন টুর্নামেন্টের ফাইনালে। পারফরম্যান্স ভালো হতে থাকায় সেই টুর্নামেন্ট অবশ্য বেশ উপভোগ করছিলেন তিনি। 'দ্য হান্ড্রেড'-এ আর খেলার ইচ্ছে না থাকলেও খেলতে চান টি-টোয়েন্টি ব্লাস্টে।

‎অ্যান্ডারসন যোগ করেন, 'আমি আবার টোয়েন্টি ব্লাস্টে খেলতে চাই। গত বছর এটা খেলে আমি প্রতিটা মুহূর্ত উপভোগ করেছি। কিন্তু সত্যি বলতে, আমি সব ম্যাচ খেলছিলাম না। আমাদের দলের ভালো স্কোয়াড আছে, তাই আমরা একটু রোটেশন করতে পারি। আর যখন দ্য হান্ড্রেড চলবে, তখন আমি আশা করি কোথাও ছুটিতে থাকব।'

আরো পড়ুন: