‘শান্ত মস্তিষ্কে’র বাবরে মুগ্ধ হার্ডি

পিএসএল
অ্যারন হার্ডি ও বাবর আজম, ফাইল ফটো
অ্যারন হার্ডি ও বাবর আজম, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তিন ফরম্যাটে পাকিস্তানের অধিনায়ক থাকাকালীন সময়ে বিস্তর সমালোচনা ছিল বাবর আজমকে ঘিরে। এখন অবশ্য আর কোনো ফরম্যাটেই পাকিস্তানের অধিনায়ক নন বাবর। জাতীয় দলে সমালোচিত হলেও পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির অধিনায়কের নেতত্বে মুগ্ধ অ্যারন হার্ডি। বাবরের অধীনে পিএসএলে খেলতে পারাটাকে নিজের জন্য বড় এক অভিজ্ঞতা বলেও দাবী করেন পেশোয়ারের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।

২০২০ সালে পাকিস্তানের তিন ফরম্যাটের অধিনায়কত্ব পাবার পর তিন বছরের বেশি সময় দেশকে নেতৃত্ব দেন বাবর। এই সময়টায় তার অধিনায়কত্ব নিয়ে পাকিস্তানের ক্রিকেট পাড়ায় অসন্তোষই ছিলো বেশি। পাকিস্তানের অনেক সাবেক ক্রিকেটারই বাবরকে অধিনায়কত্বের যোগ্যই মনে করতেন না। পিএসএলে খেলোয়াড় হিসেবে শিরোপা জিতলেও এখনো অধিনায়ক হিসেবে শিরোপা জিততে পারেননি বাবর।

তবে এক সময়ের বিশ্বসেরা ব্যাটার বাবরের সাথে একই দলে খেলতে পেরে অবশ্য দারুণ খুশি হার্ডি । এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'বাবর অসাধারণ। দলে আসার পর থেকেই সে আমাদের মতো বিদেশি ক্রিকেটারদের খুব স্বাগত জানিয়েছে। আজ নেটেও তার সঙ্গে ব্যাটিং করার সুযোগ হয়েছে। তার মতো মানসম্পন্ন একজন খেলোয়াড়ের সঙ্গে কাজ করতে পারা এবং তার কাছ থেকে শেখা দারুণ অভিজ্ঞতা।'

পাকিস্তানে তীব্র সমালোচনা থাকলেও অধিনায়ক হিসেবে বাবরের পরিসংখ্যান এতটাও মন্দ নয়। টেস্ট ফরম্যাটে পাকিস্তানকে ২০ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১০ টিতে জয় ও চারটিতে ড্র নিয়ে মাঠ ছেড়েছেন বাবর। সীমিত ওভারে অধিনায়ক বাবরের পরিসংখ্যান আরো সমৃদ্ধ বাবরের। ৪৩ ওয়ানডেতে ৬০.৪৬ শতাংশ ম্যাচ ও ৮৫ টি-টোয়েন্টিতে ৫৬.৪৬ শতাংশ ম্যাচে জয়ী দলের অধিনায়ক হিসেবে মাঠ ছেড়েছেন তিনি। পিএসএলে অবশ্য অধিনায়ক বাবরের পরিসংখ্যান বেশ বিবর্ণ। করাচি কিংস ও পেশোয়ারকে ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে মাত্র ১৬ টিতে জয় (৩৭.২০ শতাংশ) পেয়েছেন তিনি।

যদিও বাবরের নেতৃত্বে পিএসএলে খেলতে এসে তার অধিনায়কত্বের প্রশংসায় পঞ্চমুখ হার্ডি। ব্যাটার বাবরের চেয়েও অধিনায়ক বাবরে বেশি মুগ্ধ তিনি। হার্ডি বলেন, 'তার অধিনায়কত্ব নিজেই তার হয়ে কথা বলে। সে খুবই পরিণত একজন নেতা। খেলাটা সে খুব ভালো বোঝে। সে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। পুরো টুর্নামেন্ট জুড়েই সে আমাদের জন্য শান্ত মস্তিষ্কের একজন নেতা হবে, যার ওপর আমরা নির্ভর করতে পারব।'

বাবরের পাশাপাশি পুরো পেশোয়ার দল নিয়েও দারুণ উচ্ছ্বসিত হার্ডি। বাবরের অধিনায়কত্বের সাথে দলের দারুণ কম্বিনেশন মিলিয়ে এই আসরে দারুণ কিছু করার স্বপ্নই দেখছেন তিনি, 'আমি যাদের দেখেছি, সবাইকেই ভালো লেগেছে। আমাদের টপ অর্ডারে বেশ কিছু মানসম্পন্ন ব্যাটসম্যান আছে এবং মিডল অর্ডারেও ভালো পাওয়ার হিটার রয়েছে। এছাড়া কিছু প্রতিভাবান তরুণ বোলার আছে, ভালো পেস ও ভালো স্পিন অপশনও রয়েছে। তাই আমি মনে করি আমাদের দলটি বেশ ভারসাম্যপূর্ণ, এবং আমরা কী করতে পারি তা দেখার জন্য আমি মুখিয়ে আছি।'