গেইল-ওয়াল্টনের তাণ্ডবে বৃথা গেল রনি-মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিং

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডস
রনি তালুকদার, ফাইল ফটো
রনি তালুকদার, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্বকাপজয়ী ডোয়াইন ব্রাভো, ক্রিস গেইলদের বিপক্ষে ব্যাট হাতে ঝড় তুলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। রনি তালুকদার ও মাহমুদউল্লাহ রিয়াদের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় বাংলাদেশ চ্যাম্পিয়ন্স। নির্ধারিত ২০ ওভারে চার উইকেট হারিয়ে ২১৮ রান করে দলটি। যদিও ক্রিস গেইল ও চ্যাডউইক ওয়াল্টনের ঝড়ো ইনিংসে পাঁচ বল বাকি থাকতেই ম্যাচটি পাঁচ উইকেটে জিতে ওয়েস্ট ইন্ডিজ ইন্ডিজ।

সাবেক ক্রিকেটারদের এই প্রতিযোগিতায় টস জিতে বাংলাদেশ চ্যাম্পিয়নসকে ব্যাটিংয়ে পাঠান ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ডসের অধিনায়ক ক্রিস গেইল। শুরুতেই ইমরুল কায়েসকে হারায় বাংলাদেশ। ১২ বলে মাত্র ৩ রান করে ফিরলে রনি তালুকদারের সঙ্গে জুটি গড়েন ফজলে মাহমুদ রাব্বি। দ্বিতীয় উইকেটে দুজনের ঝড়ো ব্যাটিংয়ে দ্রুত এগিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

শেলডন কটরেল, সুলেমান বেন ও ডোয়াইন ব্রাভোর মতো বোলারদের বিপক্ষেও দাপট দেখান রনি ও রাব্বি। দ্বিতীয় উইকেটে তাদের ৮৯ রানের জুটি ভাঙে রাব্বি ২২ বলে ৩৬ রান করে ফিরলে। তবে তাতে রনির আগ্রাসন থামেনি। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন তিনি।

শতকের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত তিন অঙ্ক ছোঁয়া হয়নি রনির। ৫৬ বলে ৯৬ রানের ঝড়ো ইনিংস খেলে দলীয় ১৭৪ রানে আউট হন তিনি। তাঁর ইনিংসে ছিল ৯টি চার ও পাঁচটি ছক্কা। রনির বিদায়ের পর ব্যাট হাতে ঝড় তোলেন রিয়াদও।

২১ বলে ৪৩ রান করে আউট হওয়ার আগে তিনটি চার ও তিনটি ছক্কা হাঁকান বাংলাদেশের এই সাবেক অধিনায়ক। রনি ও রিয়াদের দাপুটে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১৮ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ চ্যাম্পিয়নস। শেষ দিকে রিয়াদের দ্রুত রান তোলায় দলের সংগ্রহ আরও সমৃদ্ধ হয়।

লক্ষ্য তাড়া করতে নেমে ২৫ বলে ৫৬ রানের ঝড়ো ইনিংস খেলেন গেইল। আর ওয়াল্টনের ব্যাটে আসে ৪৩ বলে ৯০ রানের বিধ্বংসী ইনিংস। এ ছাড়া রেইমন রেফার ১৫ বলে ২০ ও জার্মেইন ব্ল্যাকউড ১১ বলে ১৪ রান করেন। বাংলাদেশের হয়ে ৩১ রান খরচায় তিন উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি। এছাড়া ৩৮ রান খরচায় দুই উইকেট নেন এনামুল হক জুনিয়র।

আরো পড়ুন: