এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার চোটের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করতে গিয়ে ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। এরপর শারীরিক পরীক্ষা ও এমআরআই করানো হলে তার চোট ধরা পড়ে।
বাংলাদেশ জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সাইফউদ্দিনের সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এর ফলে বলাই যায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তিনি।
বিসিবির এই ফিজিও সাইফউদ্দিনের চোট নিয়ে বলেছেন, ‘১৯ সেপ্টেম্বর অনুশীলনের সময় বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথার কথা জানান সাইফউদ্দিন। শারীরিক পরীক্ষা ও এমআরআইয়ের পর চোটটি নিশ্চিত হয়েছে। সুস্থ হয়ে উঠতে তার প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে।’
সাইফউদ্দিনের এশিয়ান গেমসে খেলতে না পারার বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে (বিওএ) জানিয়েছে। তার পরিবর্তে বিকল্প একজন ক্রিকেটারকে দলে নেবে বিসিবি। তবে সেই পরিবর্তনের জন্য গেমস কর্তৃপক্ষের অনুমোদন প্রয়োজন হবে।