অস্ট্রেলিয়াকে বাংলাদেশ বড় বার্তা দিয়েছে: বাশার

অস্ট্রেলিয়া-বাংলাদেশ সিরিজ
হাবিবুল বাশার
হাবিবুল বাশার
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
২৩ বছর আগের ডারউইন। সেবার মাত্র তিন বছরের টেস্ট অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ দল সেবার অসহায় আত্মসমর্পণ করেছিল প্রতাপশালী অস্ট্রেলিয়ার কাছে। ২৩ বছর পর সেই একই মাঠে দুই দল যখন আবার কোনো টেস্টে মুখোমুখি তখন পাশার দান উল্টে গেছে টেস্টের প্রথম দিনেই। অস্ট্রেলিয়ার দম্ভ গুড়িয়ে দিয়ে প্রথম দিন শেষে চালকের আসনে এবার বাংলাদেশ। ২৩ বছর আগে খেলোয়াড় হিসেবে দলে থাকা হাবিবুল বাশার সুমন এবারেও দলের সাথে আছেন প্রধান নির্বাচক হিসেবে। এমন পারফরম্যান্সের মাধ্যমে শুধু অস্ট্রেলিয়ায়কে নাস্তানাবুদই নয়, ক্রিকেট বিশ্বকে একটা বার্তাও দিয়েছে বাংলাদেশ, এমনটাই মনে করেন বাশার।

ডারউইন টেস্টে প্রথম দিনে অস্ট্রেলিয়াকে ১৯৮ রানে অলআউট করে ১ উইকেটে ৯৬ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। বল হাতে পেসারদের দারুণ পারফরম্যান্সের পর ব্যাট হাতেও বড় রানের স্বপ্ন দেখাচ্ছেন তানজিদ তামিম-মুমিনুল হক। ২৩ বছর আগে খেলোয়াড় হিসেবে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হারের স্বাদ পাওয়া বাশারের কাছে ডারউইনের এমন দিন তাই বিশেষ কিছু।

প্রথম দিনের খেলা শেষে বাশার বলেন,'এটা আমাদের অস্ট্রেলিয়ায় তৃতীয় টেস্ট ম্যাচ। অস্ট্রেলিয়ার সাথে আমাদের টেস্ট ম্যাচ খুব বেশি আমরা খেলিওনি সম্ভবত। তাই এরকম একটা পারফরম্যান্স নিশ্চিতভাবেই বাংলাদেশ ক্রিকেটের পক্ষ থেকে একটি বার্তা। সম্ভবত যারা অস্ট্রেলিয়ান আছেন, তারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ ক্রিকেট এখন কতখানি এগিয়েছে। আর সেটার একটা বড় প্রমাণ হাসান মাহমুদের বোলিং।'

ক্যারিয়ারসেরা বোলিংয়ে ডারউইনের বাংলাদেশের স্বপ্নের মতো দিন কাটানোর অন্যতম নায়ক হাসান। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে প্রায় একাই গুড়িয়ে দিয়েছেন এই পেসার। ডানহাতি এই পেসারের বোলিংয়ে মুগ্ধ বাংলাদেশের প্রধান নির্বাচকও।

হাসানের বোলিং নিয়ে বাশার বলেন, 'হাসান এমন একজন যে উইকেট নিতে পারে টেস্ট ক্রিকেটে। তাই আমি অবাক হইনি ওর বোলিং দেখে। আমার মনে হয় এই স্পেলটা হয়তো সব সময় মনে রাখবে সবাই।'

প্রথম দিনটা দুর্দান্ত কাটলেও এখনো অনেক পথ পাড়ি দেয়া বাকি বাংলাদেশের। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে নিয়ন্ত্রণ ধরে রাখতে এখনো অনেক কষ্ট করতে হবে বলে মনে করেন বাশার।

এ প্রসঙ্গে বাশার বলেন, 'প্রথম দিনে আপনি কখনো টেস্ট ম্যাচ জিততে পারবেন না। এখন লম্বা সময় বাকি আছে। আমাদের জিততে হলে আরও অনেক কষ্ট করতে হবে আর অনেক ভালো খেলতে হবে। অস্ট্রেলিয়া খুবই শক্তিশালী একটি দল, তারা যে ফিরে আসতে পারে আমরা সেটা জানি। কিন্তু প্রথম কাজটা আমরা করতে পেরেছি। এখনো অনেক কাজ বাকি আছে আমাদের।'

আরো পড়ুন: