ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে সিরিজ জিততে চায় বাংলাদেশ

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রথম দুই ম্যাচে হেরে আগেই সিরিজ খুইয়েছে বাংলাদেশ। শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারিয়ে সান্ত্বনার জয় পেয়েছে সফরকারীরা। ওয়ানডের আগে একমাত্র টেস্টে নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়রা হেরেছেন ইনিংস ব্যবধানে। তবে টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়িয়ে সিরিজ জিততে চায় বাংলাদেশ। যদিও এখনই বেশিদূরের কথা না ভেবে ম্যাচ বাই ম্যাচ এগোতে চান অধিনায়ক হৃদয়।

সবশেষ কয়েক মাসে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে। তবে টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশকে হারতে হয়েছে। গত কয়েক মাসে হৃদয়দের বেশিরভাগ ম্যাচই খেলতে হয়েছে ঘরের মাঠে। বিদেশের মাটিতে সেভাবে পরীক্ষা দিতে হয়নি।

জিম্বাবুয়ের কন্ডিশনে গিয়ে ভ্যাবাচ্যাকা খেয়েছেন ব্যাটাররা। নাহিদ রানা, তাসকিন আহমেদরা দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে দ্রুত আটকে দিলেও ব্যাটারদের ব্যর্থতায় হারতে হয়েছে টেস্ট এবং ওয়ানডেতে। টি-টোয়েন্টি সিরিজে জিততে পারলে ক্ষতে খানিকটা প্রলেপ দিতে পারবে সফরকারীরা। হৃদয়ের চাওয়া নির্দিষ্ট দিনে ভালো খেলে ফলাফল বের করে নেওয়া।

এ প্রসঙ্গে হৃদয় বলেন, ‘অবশ্যই লক্ষ্য আছে। তবে এর একটি সুনির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করাটাই এখানে সবচেয়ে ভালো পথ হবে। আমাদের সামনে আগামীকাল যে ম্যাচটি রয়েছে, বর্তমানে আমি কেবল সেটি নিয়েই মনোযোগ দিতে চাই। এরপর নির্দিষ্ট দিনে যদি আমরা ভালো করতে পারি, তবে ইনশাল্লাহ ভালো কিছুই হবে।’

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) গল গ্যালান্টসের হয়ে খেলার কথা ছিল লিটন দাসের। পুরো মৌসুমের এনওসি পাওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন না বাংলাদেশের অধিনায়ক। যদিও চোট থেকে সেরে উঠতে না পারায় এলপিএলে খেলা হচ্ছে না ডানহাতি উইকেটকিপার ব্যাটারের। লিটন না থাকায় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন হৃদয়। বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া গর্বের হলেও হৃদয় মনে করিয়ে দিলেন দিনশেষে ফলাফলই গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের ভারপ্রাপ্ত টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘অবশ্যই, আমার প্রথম লক্ষ্য থাকবে দলকে জেতানো। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব দলকে অবদান রাখার চেষ্টা করব। দলকে প্রতিনিধিত্ব করা অবশ্যই গর্বের ও সম্মানের বিষয়। তবে একই সাথে দিনশেষে ম্যাচের ফলাফলটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দল হিসেবে আমরা চাই যেন এই সিরিজটি জিততে পারি।’

আরো পড়ুন: