২ উইকেটে ১২২ রান তুলে ফেলেছিল বাংলাদেশ। । কিন্তু হঠাৎই ধস নামে ব্যাটিংয়ে। এরপর আর মাত্র ১১২ রান যোগ করতেই শেষ ৮ উইকেট হারায় বাংলাদেশ। এমন ব্যাটিং ব্যর্থতার পর আর ম্যাচে ফিরতে পারেনি বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বোলারদের প্রশংসা করে ব্যাটারদের দায় দিয়েছেন বাংলাদেশ দলের ওপেনার তানজিদ হাসান তামিম।
তিনি বলেন, 'আমার মনে হয় আমাদের বোলাররা সত্যিই দারুণ কাজ করেছে। কিন্তু আমাদের ব্যাটাররা ভালো ব্যাটিং করতে পারেনি। প্রথম ম্যাচের কথাই যদি দেখেন, ১৪২ খুব বড় স্কোর নয়। আমাদের সেই লক্ষ্য তাড়া করে জেতা উচিত ছিল, কিন্তু আমরা ব্যর্থ হয়েছি। তাই আমার মনে হয় আমাদের ব্যাটারদের আরও দায়িত্বশীল হতে হবে।'
মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে ৩৮ রানে ২ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। তবে তাওহীদ হৃদয় ও তানজিদ হাসানের তৃতীয় উইকেট জুটিতে ১০৭ বলে আসে ৮৪ রান। আর তাতেই ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। তানজিদ ৭০ বলে ৫৭ রান করেন।
হাফ সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি হৃদয়ও। তিনি ৯০ বলে ৬০ রান করে। আর তাতেই ধীরে ধীরে ম্যাচ থেকে ছিটকে যেতে শুরু করে বাংলাদেশ। তানজিদ মনে করেন হৃদয় ও তিনি উইকেটে থিতু হয়ে গিয়েছিলেন। তাই অন্তত একজনের ইনিংসের শেষ পর্যন্ত থাকা উচিত ছিল।
তানজিদ বলেন, 'আমার মনে হয় আমি আর হৃদয় যখন মাঝের ওভারে ব্যাটিং করছিলাম, তখন আমরা দুজনই ভালোভাবে সেট হয়ে গিয়েছিলাম। আমাদের বড় জুটি গড়া দরকার ছিল। কিন্তু আমরা দুজনই পঞ্চাশ করার পর আউট হয়ে যাই। আমাদের মধ্যে একজনের ইনিংস শেষ ওভার, শেষ বল পর্যন্ত টেনে নেওয়া উচিত ছিল। আমার মনে হয় এ কারণেই আমরা ম্যাচ হেরেছি।'