বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দল ঘোষণা

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
জিম্বাবুয়ে ক্রিকেট
জিম্বাবুয়ে ক্রিকেট
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ফিরেই বাজিমাত করেছে জিম্বাবুয়ে। অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার মতো দলকে বিদায় করে সুপার এইটেও জায়গা করে নেয় সিকান্দার রাজার দল। গ্রুপ পর্বে পারফরম্যান্সে তাক লাগালেও সুপার এইটে পেরে উঠতে পারেনি তারা। উল্টো ওয়েস্ট ইন্ডিজ, ভারত এবং সাউথ আফ্রিকার বিপক্ষে ধরাশায়ী হয়েছে জিম্বাবুয়ে।

দুর্দান্ত বিশ্বকাপ কাটানো দলের বেশিরভাগ ক্রিকেটারকেই রাখা হয়েছে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে। ১৫ সদস্যের দলে নতুন করে সুযোগ পেয়েছেন নিউম্যান নিয়ামুরি ও মিল্টন শুম্বা। সাম্প্রতিক সময়ে ওয়ানডে এবং টেস্টে বল হাতে নিয়মিত আলো ছড়াচ্ছেন নিয়ামুরি। সিরিজের প্রথম ওয়ানডেতে অলরাউন্ড পারফরম্যান্সে জিতেছেন ম্যাচসেরার পুরস্কারও।

এমন পারফরম্যান্সের পর বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন নিয়ামুরি। ২০২২ সালে অস্ট্রেলিয়াতে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের পর আবারও দলে ফিরেছেন শুম্বা। বাঁহাতি চোট পাওয়ায় বিবেচনা করা হয়নি স্পিনার গ্রায়েম ক্রেমারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়েছেন টেইলর এবং টনি মুনোয়াঙ্গা।

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে জিম্বাবুয়ে। ওয়ানডে সিরিজের শুরুটাও হয়েছে দারুণভাবে। পেসারদের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিকরা জয় পেয়েছে ২৫ রানে। ওয়ানডে শেষেই টি-টোয়েন্টির লড়াইয়ে নামবে দুই দল। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ১৫, ১৭ এবং ১৯ জুলাই।

বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টি-টোয়েন্টি স্কোয়াড- সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ক্লাইভ মাদান্দে, টিনোটেন্ডা মাপোসা, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, তাশিঙ্গা মুসেকিয়া, ব্লেসিং মুজারাবানি, ডিওন মেয়ার্স, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামুরি এবং মিল্টন শুম্বা।

আরো পড়ুন: