মুশফিকের উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

জিম্বাবুয়ে-বাংলাদেশ সিরিজ
ফাইল ফটো
ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তাইজুল ইসলামের ৭ উইকেট বাংলাদেশের জন্য স্বস্তি হয়ে এসেছে। তার দুর্দান্ত বোলিংয়ে জিম্বাবুয়েকে ৪১০ রানে থামানো সম্ভব হয়েছে। তবু হারারে পাঁচ দিনের ম্যাচে লড়াইয়ে ফিরতে সফরকারীদের সামনে এখনও বড় চ্যালেঞ্জ। ইনিংস ব্যবধানের হার এড়াতে দরকার আরও ২৩০ রান। দ্বিতীয় ইনিংসে ২৭০ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। দিনের শেষ ভাগে ৯ ওভার ব্যাট করার সুযোগ পায় তারা। সেই সময়েই হারাতে হয় ওপেনার সাদমান ইসলামের উইকেট। এক উইকেটে ৪০ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছে বাংলাদেশ।

মুশফিকের উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারলেন না মুশফিকুর রহিমও। তাদের গড়া জুটিতেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ, তবে সেই আশা আর টিকল না।

৬২ বলে ৩৪ রান করে ব্লেসিং মুজারাবানির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফিরতে হয় মুশফিককে। এতে আবারও চাপে পড়ে যায় সফরকারীরা। এর আগে ২৫ রানে জীবন পেয়েছিলেন মুশফিক। উইকেটের পেছনে লাফিয়ে ক‍্যাচ নিতে পারেননি জিম্বাবুয়ে উইকেটরক্ষক টাফাডজাওয়া সিগা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১১৭ রান। ইনিংস ব্যবধানে হার এড়াতে এখনও প্রয়োজন আরও ১৫৩ রান। এই অবস্থায় মধ্যাহ্নভোজের বিরতিতে গেছে খেলা।

ফিরলেন শান্ত

নিউম্যান নিয়ামুরির করা নিচু ফুলটস বলটি একেবারেই বুঝতে পারেননি নাজমুল হোসেন শান্ত। বলের লাইনে ব্যাট আনতে ব্যর্থ হওয়ায় সরাসরি স্টাম্পে আঘাত হানে সেটি। এমন বলেই বোল্ড হয়ে কিছুটা হতভম্ব হয়ে পড়েন বাংলাদেশ অধিনায়ক।

শান্তর বিদায়ে ভেঙে যায় চতুর্থ উইকেটের গুরুত্বপূর্ণ জুটি। তিনি ও মুশফিকুর রহিম মিলে ৯০ বল মোকাবিলা করে ৬১ রান যোগ করেছিলেন।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৭ রান। মুশফিকুর রহিমের সঙ্গে এখন ক্রিজে আছেন অভিষিক্ত তাওহিদ হৃদয়।

২ উইকেট হারিয়ে বিপাকে বাংলাদেশ

তৃতীয় দিনের শুরুতেই ধাক্কা খেল বাংলাদেশ। দিনের দ্বিতীয় ওভারেই হারাতে হলো দ্বিতীয় উইকেট। আগের দিনের সংগ্রহে মাত্র এক রান যোগ করেই সাজঘরের পথ ধরেন মাহমুদুল হাসান জয়।

ইনিংসের একাদশ ওভারের তৃতীয় বলটি লেংথ থেকে অস্বাভাবিকভাবে অতিরিক্ত বাউন্স করে। ব্যাকফুটে থাকা জয় বলের লাইনে ব্যাট আনতে ব্যর্থ হন। ব্যাটের কানায় লেগে বল উঠে যায় গালির দিকে, সেখানে সহজ ক্যাচ নেন ব্রায়ান বেনেট।

প্রথম ইনিংসের শেষ ভাগে দুই উইকেট নেওয়া ব্লেসিং মুজারাবানি এবারও আঘাত হানলেন নতুন দিনের শুরুতেই। তার শিকার হয়ে ২৩ রানেই থামতে হলো জয়কে। ইনিংসটি সাজানো ছিল দুটি চারে।

এরপর মুমিনুল হককে ফেরান ব্লেসিং মুজারাবানি। স্লিপে ব্র্যাড ইভান্সের দুর্দান্ত এক ক্যাচে সাজঘরে ফেরেন মুমিনুল। দিনের চতুর্থ ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে পিচ করান মুজারাবানি। বলের লাইনে না গিয়ে ড্রাইভ খেলতে যান মুমিনুল, কিন্তু ব্যাটের বাইরের কানায় লেগে বল উঠে যায় তৃতীয় স্লিপের দিকে।

মুমিনুল ফিরে যান ১৩ রান করে। এতে ৪৬ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। উইকেটে এখন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম।

আরো পড়ুন: