পর্তুগালে জন্ম নেওয়া হেনরিকস ছোটবেলায় পরিবারসহ অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। এরপর অস্ট্রেলিয়ার হয়ে দীর্ঘ সময় আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। সব মিলিয়ে তিন সংস্করণে ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। কয়েক বছর জাতীয় দলের নিয়মিত সদস্য থাকলেও ২০২১ সালের পর আর অস্ট্রেলিয়ার হয়ে মাঠে নামা হয়নি তার।
অস্ট্রেলিয়ার হয়ে আর খেলার স্বপ্ন দেখছেন না হেনরিকস। ফলে নতুন দলের হয়ে নতুন চ্যালেঞ্জ নিতে যাচ্ছেন তিনি। পর্তুগালের বিশ্বকাপ বাছাই অভিযান শুরু হবে ফিনল্যান্ডে অনুষ্ঠিত ইউরোপিয়ান সাব রিজিওনাল বাছাইপর্ব দিয়ে। এটিই ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই প্রক্রিয়ার প্রথম ধাপ।
আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। এদিকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী, পূর্ণ সদস্য দেশের হয়ে খেলার পর সহযোগী সদস্য দেশের হয়ে খেলতে হলে তিন বছরের বাধ্যতামূলক বিরতি পালন করতে হয়। হেনরিকস এরই মধ্যে সেই সময় কাটিয়ে ফেলেছেন।
ফলে পর্তুগালের হয়ে আর খেলার কোনো বাধা নেই তার। আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে সেইভাবে মেলে ধরতে না পারলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের বড় নাম ছিলেন তিনি। খেলেছেন বিগ ব্যাশ, আইপিএল এবং চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টির মতো টুর্নামেন্টে। জিতেছেন ১১টি বড় শিরোপা।
বিগ ব্যাশে ক্যারিয়ারের বেশিরভাগ অংশেই খেলেছেন সিডনি সিক্সার্সের হয়ে। ২০১১-১২ সালে দলটির প্রথম শিরোপা জয়ে গুরুত্ব পূর্ণ ভূমিকা রাখেন তিনি। পাশাপাশি অধিনায়ক হিসেবে ২০১৯ থেকে টানা দুইবার দলটিকে চ্যাম্পিয়ন করেন। এরপর ২০১৬ সালে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে জেতেন আইপিএলের শিরোপা।