আইসিসিতে বুলবুলের চিঠি, জানেন না ফারুক

বাংলাদেশ ক্রিকেট
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
কদিন আগেই আইসিসির কাছে বাংলাদেশের আর্থিক সুবিধা বন্ধের আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন সাবেক বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনেকেই এর সঙ্গে নাম জড়িয়েছেন আরেক সাবেক সভাপতি ফারুক আহমেদের। এই বিষয়ে ব্যাখ্যা দিতে সোমবার সংবাদ সম্মেলন ডেকেছিলেন ফারুক।

তিনি সেখানে স্পষ্ট জানিয়েছেন আইসিসিকে দেয়া চিঠির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। চিঠিটি তার হাতে এলেও এর সঙ্গে কোনোভাবেই জড়িত নন তিনি। এমনকি যেকোনো ঘটনায় একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে প্রোপ্যাগান্ডা ছড়ায় বলেও অভিযোগ করেছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক।

তিনি বলেন, 'প্রথম কথা হলো, আমি এই ব্যাপারে কিছুই জানি না। আমাকে একজন দুজন বিষয়টি ফরোয়ার্ড করেছে। পুরোটা পড়ারও সময় ছিল না, আমি ব্যস্ত ছিলাম। তাই এই ব্যাপারে আমি কিছুই জানি না, এটা পরিষ্কার করে বলছি।'

ফারুক আরও যোগ করেন, 'যেকোনো ঘটনা ঘটলে আমি এসে যাই। আমি এটার অংশ থাকি, না থাকি, যেকোনোভাবে একটা স্বার্থান্বেষী মহল আমাকে জড়িয়ে ফেলে আর কি। তো এই জন্যই আমি চিন্তা করছি যে এই ব্যাপারটা আসলে সবার জন্য ক্লিয়ার হয়ে যাওয়া দরকার, এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না।'

নাজমুল হাসান পাপন বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব ছেড়ে দেয়ার পর সভাপতি হিসেবে দায়িত্ব পান ফারুক আহমেদ। যদিও কয়েক মাসের মাথায় তাকে বিতর্কিতভাবে সরিয়ে দেয়া হয়। তখন সভাপতি হয়ে আসেন বুলবুল। ফারুক এখনও মনে করেন তাকে সরিয়ে দেয়ার প্রক্রিয়া সঠিক ছিল না।

তিনি এর সমালোচনা করে বলেন, 'আমিও তো বোর্ড প্রেসিডেন্ট ছিলাম। আমাকে সরানোর প্রক্রিয়াটাও তো ঠিক ছিল না। তখন কিন্তু আইসিসিকে আমি কোনো অভিযোগ করি নাই, একটা চিঠিও লিখি নাই আইসিসিকে। সুতরাং এখান থেকে মোটামুটি আপনি নিশ্চিত হতে পারেন যে এখানে আমার কোনো হাত নাই, এটা আমি আসলে জানিই না।'

আরো পড়ুন: