তামিম ইকবালের নেতৃত্বাধীন এই কমিটির অধীনে আগামী জুনে বিসিবির নতুন নির্বাচন হওয়ার কথা রয়েছে। যদিও শনিবার তামিমের নেতৃত্বাধীন গঠিত এই কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে।
সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন যৌথভাবে এই রিট আবেদনটি দায়ের করেন। এর মধ্যে রয়েছেন বাংলাদশের ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ এবং আসিফ আকবর ও খালেদ মাসুদ পাইলট।
বর্তমানে বিষয়টি শুনানির অপেক্ষায় রয়েছে। এর আগে অ্যাডহক কমিটি গঠনের ঘোষণাকে বেআইনি দাবি করে হাইকোর্টে আরেকটি রিট আবেদন করা হয়েছিল। তবে সেই আবেদন খারিজ করে দেন আদালত। এর আগে অ্যাডহক কমিটির ঘোষণার দিনই আইনি লড়াইয়ের হুমকি দিয়েছিলেন বিসিবির সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
এমনকি নিজেকে একমাত্র বিসিবির বৈধ সভাপতি দাবি করেছিলেন তিনি। এদিকে জাতীয় ক্রীড়া পরিষদের ঘোষিত অ্যাডহক কমিটিতে আছেন তামিম ইকবাল ছাড়াও রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদীন, আতহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা।