বৃষ্টিবিঘ্নিত ম্যাচে জিততে হলে ২৬ ওভারে ১৯৬ রান করতে হতো তাদের। তবে আব্দুর রহিম, নাইম হোসেন সাকিব এবং ফরহাদ রেজার দুর্দান্ত বোলিংয়ের বিপক্ষে পেরে উঠতে পারেনি তারা। মাহফিজুল ইসলাম রবিনের হাফ সেঞ্চুরির পরও ১৩২ রানে হারতে হয়েছে অগ্রণী ব্যাংককে। ইমরুল কায়েসের দলকে ৬০ রানে হারিয়ে ডিপিএলের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে গুলশান।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে রান তাড়ায় অগ্রণী ব্যাংককে ভালো শুরু এনে দেন মাহফিজুল ও তৌফিক খান তুষার। উদ্বোধনী জুটিতে তারা দুজনে মিলে ৬৭ রান যোগ করেন। পাওয়ার প্লে শেষে ২০ রান করা তৌফিককে ফিরিয়ে জুটি ভাঙেন নাইম সাকিব। দ্রুতই ফেরেন তিনে নামা তোফায়েল আহমেদ। দারুণ ব্যাটিংয়ে ৫৩ বলে হাফ সেঞ্চুরি করেন মাহফিজুল।
অগ্রণী ব্যাংকের যখন ২ উইকেটে ৮৯ রান নিয়ে ব্যাটিং করছে তখন বৃষ্টি হানা দেয়। এক ঘণ্টার বেশি সময় বৃষ্টির পর আবারও ম্যাচ শুরু হয়। ওই সময় অগ্রণী ব্যাংকের লক্ষ্য দাঁড়ায় ২৬ ওভারে ১৯৬ রান। সেই রান তাড়া করতে পারেনি ক্লাবটি। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নাসির হোসেন, শুভাগত হোম, মার্শাল আইয়ুবরা। গুলশানের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন রহিম, নাইম ও ফরহাদ।
এর আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩০১ রান করে গুলশান। দলের হয়ে সর্বোচ্চ ১৩২ রানের ইনিংস খেলেছেন শাহাদাত। এ ছাড়া শাহরিয়ার ৭৫, মইনুল ইসলাম তন্ময় ৩৬ এবং জুবায়ের হোসেন ১৮ রান করেছেন। অগ্রণী ব্যাংকের হয়ে আশরাফুল হাসান দুইটি এবং রবিউল হক ও আরিফ নিয়েছেন একটি করে উইকেট।
জাকিরের সেঞ্চুরির পরও লেপার্ডসের হার
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৪ নম্বর মাঠে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেট হারিয়ে ৩০৬ রান তুলে ঢাকা লেপার্ডস। ৫ ছক্কার সঙ্গে ১২ চারে ১৩৪ বলে ১৩৭ রানের ইনিংস খেলেছেন জাকির হাসান। এ ছাড়া লেপার্ডসের হয়ে মইন খান ৭৫ বলে ৬৬, জাওয়াদ আবরার ৩২ এবং সৈকত আলী ২১ রান করেছেন। সিটি ক্লাবের হয়ে আব্দুল গাফফার সাকলাইন তিনটি উইকেট পেয়েছেন। দুইটি করে উইকেট নিয়েছেন আনামুল হক ও আব্দুল্লাহ আল মামুন।
রান তাড়ায় শুরুটা ভালো হয়নি সিটি ক্লাবের। ইনিংসের দ্বিতীয় ওভারেই ফেরেন মেহেদী হাসান। তবে দ্বিতীয় উইকেটে ৯০ রানের জুটি গড়ে তোলেন মিজানুর রহমান ও সাদিকুর রহমান। দারুণ ব্যাটিংয়ে ৬৩ বলে হাফ সেঞ্চুরি করেন মিজানুর। ওপেনার সাদিকুর অপরাজিত ছিলেন ৫৫ বলে ৩৮ রান করে। বৃষ্টি হানা দিলে পরে আর ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। ২০.১ ওভারে ৯৬ রান তোলায় বৃষ্টি আইনে ৯ উইকেটের জয় পেয়েছে সিটি ক্লাব।