বিসিবির বোর্ড সভায় নতুন তিন সিদ্ধান্ত

বিসিবি নির্বাচন
বিসিবি
বিসিবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিসিবির আগামী নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে কদিন আগেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ১৯২ জন কাউন্সিলর মনোনয়নের জন্য সংশ্লিষ্ট সংস্থা, ক্লাব ও সংগঠনের তালিকা চূড়ান্ত করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির ব্যবস্থাপনা কার্যালয়ে ৬ এপ্রিল (বুধবার) অনুষ্ঠিত হয়েছে তামিম ইকবালের এডহক কমিটির চতুর্থ বোর্ড সভা। বিসিবির সেই সভায় তিনটি সিদ্ধান্ত নিয়েছে তারা। গত অক্টোবরে নির্বাচনে জিতে বিসিবির দায়িত্ব নিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

যদিও তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল অক্টোবরে হওয়া নির্বাচনে সরকারি হস্তক্ষেপের পাশাপাশি কারসাজি হয়েছে। প্রমাণ পাওয়ায় বুলবুলের বোর্ড ভেঙে তামিমের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে তিন মাসের মধ্যে বিসিবির নির্বাচন আয়োজন করা।

সেই লক্ষ্যে কাজও শুরু করে দিয়েছেন তামিমরা। কদিন আগে বোর্ড সভায় চূড়ান্ত হয়েছে নির্বাচন কমিশন হবে তিন সদস্যের। চতুর্থ বোর্ড সভায় চূড়ান্ত করা হয়েছে কোন কোন সংস্থা, ক্লাব ও সংগঠন থেকে কাউন্সিলর মনোনয়ন দেওয়া হবে। বিসিবির গঠনতন্ত্রের ১২.৭ অনুচ্ছেদ অনুযায়ী তিনটি ক্যাটাগরিতে কাউন্সিলরদের নাম আহ্বান করা হবে।

দ্রুতই সেই সব সংস্থা, ক্লাব ও সংগঠনকে চিঠি দেবে বিসিবি। আগামী ১৬ মে’র মধ্যে কাউন্সিলরদের নাম প্রেরণ করতে হবে। দেশের ৬৪টি জেলার কোচ নিয়োগের জন্য আবেদনকারীদের মূল্যায়ন করতে একটি কমিটি গঠন করা হবে।

যেখানে জেলার কোচ হতে তাত্ত্বিক ও ব্যবহারিক পরীক্ষার মুখোমুখি হতে হবে। দেশের আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ শেষ হয়েছে ৩০ এপ্রিল। বর্তমান আম্পায়ার ও ম্যাচ রেফারিদের চুক্তির মেয়াদ আরও তিন মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

আরো পড়ুন: