বিসিবির সাবেক পরিচালকদের মধ্যে সেখানে সুযোগ পেয়েছেন ফাহিম সিনহা। আগামী ৩ মাসের মধ্যে বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হবে। এডহক কমিটি নির্বাচিত বোর্ডের কাছে দায়িত্ব বুঝিয়ে দিবে। সংবাদ সম্মেলনে এনএসসির পরিচালক আমিনুল এহসান জানিয়েছেন, তামিম ইকবালের নেতৃত্বে এডহক কমিটির মেয়াদ তিন মাস।
আমিনুল ইসলামের সভাপতিত্বে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেইলে জানানো হয়েছে বলেও জানিয়েছেন এই এনএসসির পরিচালক। এদিন বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদে বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে তদন্ত রিপোর্টের বিস্তারিত তথ্য জানানো হয়।
এ প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এনএসসির পরিচালক আমিনুল এহসান বলেন, ‘জাতীয় ক্রীড়া পরিষদ গঠিত কমিটির রিপোর্ট পর্যালোচনা করে এই অবস্থানে উন্নীত হয়েছে যে বর্তমান বিসিবি কমিটি গঠনে বিসিবি নির্বাচনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য পরিমাণের দূর্বলতা ছিল, অনিয়ম ছিল। সেই প্রেক্ষিতে এনএসসি ইতোমধ্যে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসির নিকট একটি ইমেইল পাঠিয়েছে। সেই ইমেইলে এই কমিটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানানো হয়েছে।’
‘একটি ১১ সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠনের কথাও জানানো হয়েছে (আইসিসিকে)। গঠিত এডহক কমিটি আগামী তিন মাসের মধ্যে একটি নির্বাচিত কমিটি উপহার দিতে বাধ্য থাকবে। একইসাথে আগামী তিন মাস ক্রিকেটের স্বাভাবিক কার্যক্রম যেগুলো আছে সেগুলো পরিচালনার জন্য নির্বাচিত কমিটির মতোই ক্ষমতাপ্রাপ্ত থাকবে। আশা করছি আইসিসির কাছ থেকে আমরা ইতিবাচক রেসপন্স পাব।’
বিসিবির নতুন ১১ সদস্যের এডহক কমিটি কমিটি-
তামিম ইকবাল (সভাপতি), রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, জনাব ইসরাফিল খসরু, মিনহাজুল আবেদিন নান্নু, আতহার আলী খান, তানজিল চৌধুরি, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা।