বিসিসিআইয়ের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে চায় বিসিবি

বাংলাদেশ ক্রিকেট
বিসিবি, ফাইল ফটো
বিসিবি, ফাইল ফটো
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বিশ্বকাপ শেষ হয়েছে মাসখানেক আগে, কিন্তু সেই সময়ের টানাপোড়েন এখনো পুরোপুরি কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিষয়টি বুঝতে পারছে এবং সেই বাস্তবতা মেনেই বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে। সামনে থাকা সিরিজগুলোকে মাথায় রেখেই দুই বোর্ডের মধ্যে যোগাযোগ বাড়ানোর চেষ্টা চলছে।

সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে বিসিসিআইয়ের কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সাম্প্রতিক বিভিন্ন ঘটনার কারণে তৈরি হওয়া দূরত্ব কমানো এবং দ্বিপাক্ষিক সিরিজগুলো নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

জানুয়ারিতে দুই দেশের অবস্থান প্রায় মুখোমুখি হয়ে যায়। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া ও পরে ভারতের বিশ্বকাপে অংশ না নেয়ার সিদ্ধান্ত- এই দুটি বিষয় পরিস্থিতিকে জটিল করে তোলে। সেই সময় সরকারের পক্ষ থেকেও বিশ্বকাপে না যাওয়ার অবস্থান ছিল।

পরিস্থিতির উত্তেজনা বাড়ে বিভিন্ন মন্তব্যে। আইসিসি ও ভারতকে নিয়ে তীর্যক মন্তব্য করেন সংশ্লিষ্ট অনেকে, এমনকি সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলেও মন্তব্য করা হয়। এতে দুই বোর্ডের সম্পর্ক আরও শীতল হয়ে পড়ে।

বর্তমানে সেই অবস্থান থেকে সরে এসে নতুনভাবে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী কয়েক মাস পরই বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের, যা আর্থিকভাবে গুরুত্বপূর্ণ একটি সিরিজ। তবে সম্পর্ক স্বাভাবিক না হলে এই সফর অনিশ্চিত হয়ে পড়তে পারে।

এই প্রেক্ষাপটে বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম বলেন, 'আগামী সেপ্টেম্বরে বাংলাদেশে আসার কথা ভারতীয় দলের এবং দ্যাটস অন। গত বছর বাংলাদেশের নারী দলের ভারতে যাওয়ার কথা ছিল, যেটা বাতিল হয়ে যায়। সেটি পুনর্নির্ধারণ দেখতে চাই আমরা। বিসিসিআইকে যে চিঠি পাঠানো হয়েছে, সেখানে মূল প্রসঙ্গ ছিল এটিই।'

'পাশাপাশি আরও সম্পৃক্ততার কথা বলা হয়েছে। ভারতীয় বোর্ডের সঙ্গে সম্পৃক্ততা আরও বাড়াতে পারি কি না, অন্যান্য ইভেন্ট করতে পারি কি না, এসব বলা হয়েছে। এসবের বাইরে বললে, এই ধরনের ব্যাপার আমরা সব ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গেই করে থাকি। আমরা ফলাফল পাওয়ার আশা করছি। তাদের কাছ থেকে দ্রুতই জানতে পারব বলে আশা রাখছি।'

সম্পর্কের অবনতির কথা মেনে নিয়েছেন ফাহিম, 'আমরা আশা করছি, ওরা আমাদেরকে (নারী দলকে) হোস্ট করবে অদূর ভবিষ্যতে। আমরা জানি যে, বিশ্বকাপ ঘিরে ওদের সঙ্গে সম্পর্ক কিছুটা অবনতি হয়েছে তো অবশ্যই। আশা করছি, আবার আমরা এই সম্পর্ক পুনরুজ্জীবিত করব এবং ওদের সঙ্গে সেসব প্রোগ্রামের মধ্য দিয়ে আবার একটা ভালো অবস্থান তৈরি হবে।'

আরো পড়ুন: