নির্বাচনের পর থেকেই একটা অস্থির সময় পার করতে হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল বোর্ডের। জাতীয় দলের খেলা নিয়মিত চললে ক্লাব ক্রিকেট নিয়ে বিপাকে পড়েছেন বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। বুলবুল-ফারুকের বোর্ডকে অবৈধ দাবি করে গত মাস পাঁচ ধরেই সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে আছে ঢাকার ৪৫টি ক্লাব। প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগের মতো ডিপিএলেও অংশ নেওয়া থেকে নিজেদের দূরে রেখেছে তারা।
বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সূচি অনুযায়ী, সাধারণত মার্চ মাসে ডিপিএল হয়ে থাকে। তবে মার্চের প্রায় পুরোটা সময় পেরিয়ে গেলেও এখনো মাঠে গড়ায়নি ৫০ ওভারের টুর্নামেন্টটি। আবাহনী, মোহামেডান, লিজেন্ডস অব রূপগঞ্জের মতো বড় ক্লাবগুলো না থাকায় বিসিবিও আয়োজন করতে পারছে না। কয়েক দফায় আহ্বান জানালেও ফারুকদের মুখের কথায় মন ভরেনি ক্লাব সংগঠকদের। ফারুক আবারও জানিয়েছেন, কী হবে সেটা চিন্তা না করে যেকোনো উপায়ে খেলাটা মাঠে গড়ানো দরকার।
মিরপুর স্বাধীনতা দিবস প্রদর্শনী ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক বলেন, ‘ঢাকা প্রিমিয়ার লিগ হবে কিনা এটা কিন্তু একান্তই....আমি দেখি খেলোয়াড়দের কাছ থেকে একটা কথাশুনি যে ক্রিকেট বোর্ডের কাছে যা আশা করেছিলাম তা করছে না। প্রিমিয়ার লিগটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার এবং আমি ক্লাবগুলোকে বারবার আহ্বান জানিয়েছি আপনারা যে জিনিসই করেন দিনশেষে ক্রিকেট বোর্ড থাকবে, ৪ বছরের জন্য নির্বাচিত হয়েছে। কী হবে এটা চিন্তা না করে ক্রিকেটটা মাঠে গড়ানো দরকার।’
ক্লাবগুলোকে অনুরোধ জানিয়ে আবারও মনে করিয়ে দিয়েছেন সময়টা চলে গেলে সেটা আর আসবে না। সেই সঙ্গে ক্রিকেটারদেরও আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন বিসিবির সহ-সভাপতি। বাংলাদেশের সাবেক অধিনায়কের চাওয়া, ক্রিকেটাররা যেন তাদের ক্লাবদের সঙ্গে যোগাযোগ করেন। মার্চের শেষে এসেও ডিপিএল না হওয়া নিয়ে বিসিবির কিচ্ছু করার নেই বলে জানান ফারুক।
বিসিবির সহ-সভাপতি বলেন, ‘আমি ক্লাবগুলোকে এখনো অনুরোধ করব। সময় চলে গেলে কিন্তু এটা আর আসবে না। হয়তবা ক্রিকেট বোর্ড বদলে গেল একটা সময় কিন্তু এই সময়টা কোথায় পাবেন? এজন্য আমি বারবার বলছি এবং খেলোয়াড়দের আমি মনে করি আরও সক্রিয় হয়ে তাদের নির্দিষ্ট যে যে ক্লাব আছে তাদের সঙ্গে যোগাযোগ করা। এখানে ক্রিকেট বোর্ডের কিচ্ছু করার নেই।’
ডিপিএলের পাশাপাশি অন্যান্য লিগ আয়োজনেও বেগ পোহাতে হয়েছে বিসিবিকে। প্রথম বিভাগে ২০ দলের টুর্নামেন্ট হওয়ার কথা থাকলেও লিগ হয়েছে ১২ দল নিয়ে। বাকি ৮টা দল নিয়ে আলাদা একটি টুর্নামেন্ট করে বিসিবি। দ্বিতীয় বিভাগে ২৪ দলের জায়গায় অংশ নিয়েছে ১২টি ক্লাব। এখনো শুরু করা সম্ভব হয়নি তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ। ছেলেদের মতো মেয়েদের ঘরোয়া ক্রিকেটও স্থবির হয়ে আছে। ফারুক জানান, বোর্ড তাদের দিক থেকে যতটুকু করার সেই চেষ্টা তারা করছেন।
ফারুক বলেন, ‘প্রথম বিভাগে ১২টা দল নিয়ে খেলেছে, ৮টা দল নিয়ে একটা টুর্নামেন্ট করেছি। আমাদের দ্বিতীয় বিভাগ শেষ হয়েছে ১২টা দল নিয়ে, আরও দলগুলো নিয়ে খেলার কথা রয়েছে। তৃতীয় বিভাগ শুরু করব হয়ত এক সময়। সুতরাং ক্রিকেট বোর্ড তাদের দিক থেকে যতটুকু করার চেষ্টা করছে। এখন বাকিটা বিবেচনার দায়িত্ব আপনাদের।’