বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ • সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম

IRE
222/7 (72.5 over)
BAN

টসে হারল বাংলাদেশ, মুরাদের অভিষেক

টস জিতেছে আয়ারল্যান্ড। আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক অ্যান্ডি বালবির্নি। এই ম্যাচ দিয়ে টেস্ট অভিষেক হচ্ছে হাসান মুরাদের। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ।


বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), মাহমুদুল হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, হাসান মুরাদ ও নাহিদ রানা।


আয়ারল্যান্ড একাদশ: অ্যান্ডি বালবির্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাডে কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস ও ক্রেগ ইয়াং।

শুরুতেই বালবির্নিকে ফেরালেন হাসান

প্রথম টেস্টের প্রথম ওভারেই হাসান মাহমুদ শিকার করেন অ্যান্ডি বালবির্নি। ফুলার লেংথের বলে এলবিডব্লিউ'র ফাঁদে ফেলে আইরিশ অধিনায়ককে রানের খাতাই খুলতে দেননি তিনি। বলটি তার পেছনের পায়ে লাগে। দলীয় রানের খাতা খোলার আগেই নিজেদের প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড।


তবে সেই আউটের সময় দেখা গেল অদ্ভুত এক দৃশ্য। বালবির্নির ব্যাট এবং বলের মাঝে দুরত্ব দৃশ্যমান থাকলেও, তিনি রিভিউ নিলে ডিআরএসে দেখাচ্ছিলো স্পাইক। যদিও, সিদ্ধান্ত যায় আম্পায়ারের পক্ষেই। চতুর্থ বলে উইকেট হারানোর পর প্রথম ওভারে আর রানই নিতে পারেনি আয়ারল্যান্ড।

পরপর ৩ ওভারে ৩টি ক্যাচ মিস করলেন সাদমান-তাইজুল-মিরাজ

চতুর্থ ওভারেই পল স্টার্লিংকে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। নাহিদ রানার লাফিয়ে ওঠা বল ডিফেন্ড করতে গিয়ে দ্বিতীয় স্লিপে ক্যাচ তুলে দেন স্টার্লিং। বলটি মুঠো স্পর্শ করলেও লুফে নিতে পারেননি সাদমান ইসলাম।


পরের ওভারে আবারও ক্যাচ ছাড়ে বাংলাদেশ। এবার ক্যাচ মিস করেন তাইজুল ইসলাম। হাসান মাহমুদের গুড লেংথের ডেলিভারিটি স্কয়ার লেগে পুল করতে গিয়েছিলেন ক্যাডে কারমাইকেল। বলটি নিচু হয়ে ধরতে গিয়েও লুফে নিতে পারেননি তাইজুল। তার আঙুল কেটে গেলে মাঠ ছাড়েন তিনি।


তারপরের ওভারে (ষষ্ঠ) আবারও ক্যাচ ছাড়ে বাংলাদেশ। এবার মেহেদী হাসান মিরাজ ক্যাচ ধরতে পারেননি। নাহিদ রানার লেংথ ডেলিভারিটি গালিতে খেলেছিলেন স্টার্লিং। ডাইভ দিলেও ক্যাচটি ধরতে পারেননি মিরাজ। হাতে চোট পেয়ে তাইজুলের পর মাঠ ছাড়েন মিরাজও।

ওয়ানডে মেজাজে খেলে স্টার্লিংয়ের হাফ সেঞ্চুরি

দেখেশুনে খেলতে খেলতে জুটির পঞ্চাশ পেয়ে যান পল স্টার্লিং এবং ক্যাডে কারমাইকেল। কারমাইকেল কিছুটা রয়েসয়ে আগাতে থাকলেও স্টার্লিং খেলে যান ওয়ানডে মেজাজে। ১৩ ওভারের পর থেকে অবশ্য স্টার্লিংয়ের রান তোলার গতিও কিছুটা কমে।


তবুও হাফ সেঞ্চুরি তুলতে ভুল করেননি ৮ ও ১০ রানে দুবার জীবন পাওয়া স্টার্লিং। নিজের খেলা ৬১তম বলে হাসান মাহমুদকে মিড উইকেটে চার হাঁকিয়ে আসে তার হাফ সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফিফটি।

প্রথম সেশনে আয়ারল্যান্ডের রাজত্ব

প্রথম সেশনে ২৬ ওভার হয়েছে। আয়ারল্যান্ড করেছে এক উইকেটে ৯৪ রান। এই সেশনে তিনটি ক্যাচ ছেড়েছে বাংলাদেশ। ব্যাটিংয়ে হাফ সেঞ্চুরি পেয়েছেন পল স্টার্লিং। ৫৮ রানে প্রথম সেশন শেষ করেন তিনি। ক্যাডে কারমাইকেল আছেন ৭৭ বলে ৩০ রান নিয়ে।

অবশেষে স্টার্লিংকে বিদায় করল বাংলাদেশ

লাঞ্চের পর প্রথম ওভারেই ফিরে যান পল স্টার্লিং। স্লিপে এবার তার ক্যাচটি লুফে নেন সাদমান ইসলাম। নাহিদ রানার করা ১৪৬.৯ কিমি গতিবেগের গুড লেংথ ডেলিভারিটি ড্রাইভ করতে গিয়ে টাইমিং ভুল করেন স্টার্লিং। বলে অতিরিক্ত বাউন্স থাকায় সুবিধা করতে পারেননি তিনি।


যার কারণে বলটি দ্বিতীয় স্লিপে চলে যায়। ফেরার আগে ৭৬ বলে ৬০ রান করেন স্টার্লিং। ইনিংসটি সাজানো ছিল ৯টি চারে। তার বিদায়ে ভাঙে ৯৬ রানের জুটি। নিজেদের ইতিহাসে দ্বিতীয় উইকেট জুটিতে এবারই সর্বোচ্চ রানের জুটি খুঁজে পেল আয়ারল্যান্ড।

মিরাজের আত্মবিশ্বাসী রিভিউ, ফিরলেন টেক্টর

লাঞ্চের পর টানা দুই ওভারে দুই উইকেট নেয় বাংলাদেশ। স্টার্লিং ফেরার পরের ওভারে ফিরে যান হ্যারি টেক্টরও। তাকে স্পিন জালে বন্দী করেন মেহেদী হাসান মিরাজ। তার ফুলার লেংথের বলটি লেগ সাইডে ঠেলে দিতে চেয়েছিলেন টেক্টর।


অফ স্টাম্প বরাবর জায়গায় বলটি টেক্টরের প্যাডে লাগে। মিরাজ জোরালো আবেদন করলেও আম্পায়ার আউট দেননি। রিভিউ নিয়ে টেক্টরের বিদায় নিশ্চিত করেন মিরাজ। এ দিন ছয় বল খেলে এক রান নেন টেক্টর। ৯৭ রানের মধ্যে তৃতীয় উইকেট হারাল আয়ারল্যান্ড।


২৮.২ ওভারে দলীয় শতক পূরণ করে আয়ারল্যান্ড।

ধৈর্যশীল ব্যাটিংয়ে কারমাইকেলের হাফ সেঞ্চুরি

১১০ বলে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন ক্যাডে কারমাইকেল। আয়ারল্যান্ডের ষষ্ঠ টেস্ট ব্যাটার হিসেবে অভিষেকে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। তাইজুলের বলটি মিড উইকেটে ঠেলে হাফ সেঞ্চুরি তুলে নেন এই ব্যাটার।


৪১.৩ ওভারে ১৫০ রানে পৌঁছায় আয়ারল্যান্ড।

১২৯ বল খেলা কারমাইকেলকে ফেরালেন মিরাজ

উইকেটে বেশ জমে গিয়েছিলেন কারমাইকেল। দলীয় ১৫০ রানে তার উইকেট হারায় আয়ারল্যান্ড। মেহেদী হাসান মিরাজের ফুলার লেংথের ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে বল হাওয়ায় ভাসিয়ে দেন কারমাইকেল। প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত সরে গিয়ে ডাইভ দিয়ে নিচু হওয়া ক্যাচটি লুফে নেন। আম্পায়ার আউট না নিলে ফের রিভিউ নিয়ে সফল হন তিনি।


ফেরার আগে অভিষেক ইনিংসে ১২৯ বল খেলে ৫৯ রান করেন কারমাইকেল। সাতটি চারে সাজানো ছিল তার ইনিংস।


এর একটু পর অবশ্য লরকান টাকারের সহজ ক্যাচ ছাড়েন শান্ত। প্রথম স্লিপে মোয়ার মতো ক্যাচ মুঠোয় রাখতে পারেননি তিনি। সেই সময় ১১ রানে ছিলেন টাকার।

অভিষেক টেস্টে উইকেটের স্বাদ পেলেন মুরাদ

হাসান মুরাদের বলে আরেকটু হলেই এলবিডব্লিউর শিকার হতেন লরকান টাকার। কিন্তু রিভিউ নিয়ে বাঁচলেন তিনি। ৬৩ তম ওভারের শেষ বলে দলীয় ২০০ পার করে আয়ারল্যান্ড।


দলীয় ২০৩ রানে পঞ্চম উইকেট হারায় আয়ারল্যান্ড। হাসান মুরাদের টসড আপ ডেলিভারিতে সজোরে হাঁকাতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন কার্টিস ক্যাম্ফার। প্রথম স্লিপে ক্যাচ উঠলে সেটা অনায়সে লুফে নেন নাজমুল হোসেন শান্ত।


৯৪ বলে চারটি চার ও দুটি ছক্কায় ৪৪ রানে ফিরে যান ক্যাম্ফার।

টাকারকে হাফ সেঞ্চুরি করতে দিলেন না হাসান মুরাদ

হাসান মুরাদের ওভারের প্রথম বলেই স্লগ সুইপ করে ছক্কা মেরেছিলেন লরকান টাকার। পরের দুই বলে রান নিতে না পারলেও চড়াও হওয়ার চেষ্টা করেছিলেন চতুর্থ ডেলিভারিতে। বাঁহাতি স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলার চেষ্টায় বলের লাইন মিস করে স্টাম্পিং হয়েছেন ৮০ বলে ৪১ রান করা টাকার। টেস্টে অভিষেকে হাসান ‍মুরাদের এটি দ্বিতীয় উইকেট।

মিরাজকে উইকেট দিয়ে গেলেন ম্যাকব্রাইন

লরকান টাকারের সঙ্গে জুটি গড়ার পাশাপাশি ঠান্ডা মাথায় ব্যাটিং করছিলেন অ্যান্ডি ম্যাকব্রাইন। তবে ধৈর্য্য হারিয়ে মেহেদী হাসান মিরাজের উপর চড়াও হতে গিয়ে উইকেট দিয়ে গেলেন বাঁহাতি এই ব্যাটার। অফ স্পিনার মিরাজের অফ স্টাম্পে পড়ে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে বড় শট খেলার চেষ্টায় বলের লাইন মিস করে স্টাম্পিং হয়েছেন তিনি। ৩৫ বলে ৫ রান করে ফিরেছেন ম্যাকব্রাইন।

ক্যাচ মিসের মহড়ার পর মিরাজ-মুরাদে বাংলাদেশের দাপট

পল স্টার্লিং এবং কেড কারমাইকেলের হাফ সেঞ্চুরি এবং কার্টিস ক্যাম্ফার ও লরকান টাকারের দুটি চল্লিশউর্ধ ইনিংসে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে আট উইকেটে ২৭০ রান করে প্রথম দিন শেষ করেছে আয়ারল্যান্ড। তিনটি ক্যাচ মিসে প্রথম সেশনে প্রত্যাশিত শুরু না পেলেও পরের দুই সেশনে ম্যাচে ফিরেছে বাংলাদেশ।