ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরিতে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিল ইংল্যান্ড

ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ
হ্যারি ব্রুক
হ্যারি ব্রুক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সাউথহ্যাম্পটনে আবারও ঝড় তুললেন হ্যারি ব্রুক ও জস বাটলার। ভারতের বিপক্ষে আগের টি-টোয়েন্টিতে ২৩৩ রানের জুটি গড়ে ইংল্যান্ডকে ২৫৭ রানের বিশাল সংগ্রহ এনে দেওয়া এই জুটি এবার শ্রীলঙ্কার বিপক্ষেও দাঁড়াল দুর্দান্তভাবে। ব্রুকের বিধ্বংসী সেঞ্চুরি ও বাটলারের ঝোড়ো ব্যাটিংয়ে ২৫৪ রান তুলে পরে বল হাতেও শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে ১১৯ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড।

অধিনায়ক ব্রুক ৪৯ বলে অপরাজিত ১১৪ রান করেন। এটি তার টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। অন্যদিকে বাটলার ৪৪ বলে করেন ৮০ রান। দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৬০ বলে যোগ করেন ১২৮ রান। এর আগে অভিষেক হওয়া এনিউরিন ডোনাল্ডের দ্রুত শুরু ইংল্যান্ডকে পাওয়ারপ্লেতেই ৯০ রান তুলতে সাহায্য করে।

ইংল্যান্ডের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে শ্রীলঙ্কা। প্রথম দুই ওভারে মাত্র ৬ রান করার পর পাওয়ারপ্লের মধ্যেই তিন উইকেট হারায় তারা। সনি বেকার পরপর দুই উইকেট নিয়ে শ্রীলঙ্কার ব্যাটিংয়ের ভিত নড়িয়ে দেন। এরপর দাসুন শানাকা দুটি ছক্কা মেরে কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও আদিল রশিদের বলে ফিরে যান। শেষ পর্যন্ত ১৯ ওভারে ১৩৫ রানে অলআউট হয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার হয়ে দুনিথ ওয়েলালাগে ২১ বলে ৩৩ রান করে কিছুটা লড়াই করেন। তবে ইংল্যান্ডের বোলাররা নিয়মিত বিরতিতে উইকেট তুলে নেয়। সনি বেকার ৪ ওভারে মাত্র ১২ রান দিয়ে ৩ উইকেট নেন। জেমি ওভারটন দুটি উইকেট শিকার করেন, আর লিয়াম ডসন শেষ উইকেটটি তুলে নিয়ে শ্রীলঙ্কার ইনিংসের ইতি টানেন।

টস হেরে ব্যাটিংয়ে নেমেও শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ইংল্যান্ড। ডোনাল্ড প্রথম ওভারেই মহেশ থিকশানাকে ছক্কা ও চার মারেন। এরপর দুষ্মন্ত চামিরাকে এক ওভারে টানা চারটি চার মেরে বাটলারও রানের গতি বাড়িয়ে দেন। তবে আসল ঝড় শুরু হয় ব্রুক ক্রিজে আসার পর। বিশেষ করে পাওয়ারপ্লের পঞ্চম ওভারে দুনিথ ওয়েলালাগের এক ওভারেই ৩০ রান তুলে নেন ইংলিশ অধিনায়ক। সেই ওভারে তিনটি ছক্কা ও তিনটি চার মারেন তিনি।

বাটলার ৪৫ রানে জীবন পেয়ে সেটিকে কাজে লাগিয়ে তুলে নেন ফিফটি। পরে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বাটলার ফিরলেও থামেননি ব্রুক। মাত্র ২০ বলে ফিফটি পূর্ণ করা এই ব্যাটার ওয়েলালাগের পর দাসুন শানাকাকেও আক্রমণের লক্ষ্য বানান। ৪২ বলে সেঞ্চুরি পূর্ণ করে শেষ পর্যন্ত ৪৯ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন তিনি। তার ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা।

এই জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। একই সঙ্গে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টিতে টানা ১৩তম জয় পেল তারা। ভারতের বিপক্ষে ঘরের মাঠে ৪-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর এবার শ্রীলঙ্কার বিপক্ষেও দারুণ শুরু পেল হ্যারি ব্রুকের দল। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে ১৭ সেপ্টেম্বর কার্ডিফে।

আরো পড়ুন: