হারারে স্পোর্টস ক্লাবে রান তাড়ায় শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই ফেরেন বেন কারান। জাভিয়ের বার্টলেটের বলে এলিসকে ক্যাচ দিয়েছেন বাঁহাতি এই ওপেনার। দ্বিতীয় উইকেটে ইনোসেন্ট কাইয়া ও ব্রায়ান বেনেট মিলে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন। পাশাপাশি নিয়মিত রানও তুলছিলেন তারা। তবে পাওয়ার প্লে শেষের আগে তাদের জুটি ভাঙেন এলিস।
ডানহাতি পেসারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন ১৮ রান করা কাইয়া। একই ওভারে ফিরেছেন বেনেটও। ৩২ বলে ২৫ রান করেছেন জিম্বাবুয়ে ওপেনার। একটু পর আউট হয়েছেন ব্রেন্ডন টেলরও। ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ (২২ বছর ৪ মাস) সময় ধরে খেলার রেকর্ড গড়ে শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলার দিনে ১৩ বলে ৪ রান করেছেন ডানহাতি উইকেটকিপার ব্যাটার। ৬২ রানে ৪ উইকেট হারানোর পর আরভিন ও রাজা মিলে প্রতিরোধ গড়ে তোলেন।
দুজনে মিলে যোগ করেন ৯৮ রান। দারুণ ব্যাটিংয়ে ৫১ বলে হাফ সেঞ্চুরি করেন আরভিন। ৫৯ রানের ইনিংস খেলা বাঁহাতি ব্যাটারকে ফিরিয়ে জুটি ভাঙেন এলিস। রাজা পঞ্চাশ ছুঁয়েছেন ৬১ বলে। জিম্বাবুয়ের ভারপ্রাপ্ত অধিনায়কও হাফ সেঞ্চুরির পরই ফিরেছেন। ৭৬ বলে ৫৭ রান করেছেন রাজা। শেষের দিকে কেউই সেভাবে জ্বলে উঠতে না পারায় ২৩৫ রানে থামতে হয়েছে জিম্বাবুয়েকে। অস্ট্রেলিয়ার হয়ে এলিস পাঁচটি উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৯৪ রান তোলে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে সবশেষ দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়া রেনশ করেছেন সেঞ্চুরি। ৭ চার ও তিন ছক্কায় ৯৪ বলে খেলেছেন ১০৯ রানের ইনিংস। এ ছাড়া কনোলি ৫১, মিচেল মার্শ ৩৬ এবং ওলিভার পিক ৩০ রান করেছেন। জিম্বাবুয়ের হয়ে নিউম্যান নিয়ামুরি পাঁচটি এবং ব্রাড ইভান্স নিয়েছেন দুইটি উইকেট।