এর আগে কুশাল মেন্ডিসকে অধিনায়ক করে ইংল্যান্ড সিরিজের দল ঘোষণা করেছিল শ্রীলঙ্কা। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন চারিথ আসালাঙ্কা। মেন্ডিসের অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে লঙ্কানদের নেতৃত্ব দেবেন আসালাঙ্কাই। ১৯ জুলাই থেকে হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন মেন্ডিস। আর পিঠের চোটের কারণে ৫ আগস্ট থেকে মাঠের বাইরে বিনুরা।
মেন্ডিসের বদলি হিসেবে শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন পাভান রত্নায়েকে। আর ভারতের বিপক্ষে সম্প্রতি শেষ হওয়া টেস্ট সিরিজের দলে থাকলেও একাদশে সুযোগ না পাওয়া পেসার দিলশান মাদুশঙ্কা ফিরেছেন বিনুরা ফার্নান্দোর জায়গায়।
টি-টোয়েন্টি দলে আসালাঙ্কার ফেরাটা ছিল ইংল্যান্ড সফরের স্কোয়াডে বড় চমক । তিন মাস আগে ওয়ানডে অধিনায়কত্ব হারিয়েছিলেন তিনি। এর ছয় মাস আগে টি-টোয়েন্টি দল থেকেও বাদ পড়েছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন আসালাঙ্কা। এবার শুরুতে সহ-অধিনায়ক হয়ে দলে ফেরার পর মেন্ডিসের ইনজুরিতে অধিনায়ক হিসেবেই প্রত্যাবর্তন হচ্ছে এই বাঁহাতির।
বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) সেন্ট লুসিয়া কিংসের হয়ে খেলছেন তিনি। তবে সেখানে এখন পর্যন্ত তার পারফরম্যান্স খুব একটা ভালো নয়। ছয় ইনিংসে ৯৩ রান করেছেন, স্ট্রাইক রেট ১২৪। সিপিএলে খেলার অভিজ্ঞতা অবশ্য ইংল্যান্ড সফরের আগে আসালাঙ্কাকে ম্যাচ অনুশীলনের সুযোগ করে দিচ্ছে।
তার নেতৃত্বে শ্রীলঙ্কা ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডে খেলবে। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ১৫ সেপ্টেম্বর সাউদাম্পটনে। দ্বিতীয় ম্যাচ ১৭ সেপ্টেম্বর কার্ডিফে, তৃতীয় ও শেষ ম্যাচ ১৯ সেপ্টেম্বর ম্যানচেস্টারে। এরপর ২২ সেপ্টেম্বর চেস্টার-লি-স্ট্রিটে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ওয়ানডে ২৪ সেপ্টেম্বর লিডসে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ২৭ সেপ্টেম্বর দ্য ওভালে।
শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দল—
পাথুম নিশাঙ্কা, কামিল মিশারা (উইকেটকিপার), লাহিরু উদারা (উইকেটকিপার), কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, পাভান রত্ননায়েকে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, থারিন্দু রত্ননায়েকে, দুশমান্থ চামিরা, ই শান মালিঙ্গা, নুয়ান থুশারা ও দিলশান মাদুশঙ্কা।