খেলোয়াড়ি জীবনেই কোচিং ক্যারিয়ার শুরু সিডলের

অস্ট্রেলিয়া ক্রিকেট
পিটার সিডল, ফাইল ছবি
পিটার সিডল, ফাইল ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে নতুন দায়িত্ব পেলেন দেশটির সাবেক পেসার পিটার সিডল। ২০২৬-২৭ মৌসুমে নিউ সাউথ ওয়েলসের (এনএসডব্লিউ) বোলিং কোচ হিসেবে কাজ করবেন ৪১ বছর বয়সী এই ক্রিকেটার। নতুন প্রধান কোচ ব্র্যাড হ্যাডিনের অধীনে সাজানো কোচিং দলে সিডলের সঙ্গে স্পিন পরামর্শক হিসেবে থাকবেন সাবেক সাউথ আফ্রিকান অধিনায়ক জোহান বোথা।

এই দায়িত্ব গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক কোচিং ক্যারিয়ারের শুরু সিডলের। তবে খেলোয়াড় হিসেবে ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাচ্ছেন না তিনি। নিউ সাউথ ওয়েলসের হয়ে পুরো শেফিল্ড শিল্ড মৌসুমে কাজ করার পাশাপাশি বিগ ব্যাশ লিগে মেলবোর্ন স্টার্সের খেলোয়াড় হিসেবেও থাকবেন সিডল। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে ভিক্টোরিয়ার হয়ে বেশির ভাগ সময় খেলেছেন তিনি, এছাড়া তাসমানিয়ার হয়েও তিন মৌসুম খেলেছেন।

ক্রিকেট অস্ট্রেলিয়াকে দেওয়া প্রতিক্রিয়ায় সিডল বলেন, 'এই মৌসুমে এনএসডব্লিউ ব্লুজে যোগ দিতে পেরে আমি দারুণ রোমাঞ্চিত। প্রতিভাবান এই খেলোয়াড়দের বড় একটি মৌসুমের আগে পরামর্শ দেওয়ার সুযোগ পাওয়ার অপেক্ষায় আছি। কাজ শুরু করার জন্য আর তর সইছে না আমার।'

নিউ সাউথ ওয়েলস দলে আছেন লিয়াম হ্যাচার, উদীয়মান রায়ান হ্যাডলি, অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস, অভিজ্ঞ শন অ্যাবট ও বাঁহাতি পেসার বেন ডোয়ারশুইস। জাতীয় দলের ব্যস্ততার কারণে নিয়মিত ঘরোয়া ক্রিকেটে না থাকলেও মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সও এনএসডব্লিউ দলের অংশ।

অন্যদিকে স্পিন বিভাগে সাময়িকভাবে কাজ করবেন বোথা। চলতি বছরের জুনে কুইন্সল্যান্ডের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর নতুন ভূমিকায় এনএসডব্লিউতে যোগ দিচ্ছেন তিনি। তার সঙ্গে দলের স্পিনারদের মধ্যে জোয়েল ডেভিস ও তানভীর সাঙ্ঘা রয়েছেন। ডেভিস অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের সঙ্গে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফরে যাবেন, আর সাঙ্ঘা আছেন অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরের সাদা বলের দলে।

নতুন কোচিং স্টাফ নিয়ে সন্তুষ্ট হ্যাডিনও। তিনি বলেন, 'পিটার ও জোহানের যোগ দেওয়া দেখাচ্ছে, আমরা দলের সঙ্গে উচ্চমানের মানুষ রাখতে কতটা প্রতিশ্রুতিবদ্ধ। পিটার প্রচুর অভিজ্ঞতা ও জ্ঞান নিয়ে আসছে। একই সঙ্গে আমরা যেভাবে খেলোয়াড়দের খেলতে দেখতে চাই, সে ধরনের ক্রিকেটেরও সে একজন উদাহরণ। আমাদের বিশ্বাস, সামনে রোমাঞ্চকর একটি মৌসুমের জন্য আমরা ভারসাম্যপূর্ণ কোচিং দল গড়তে পেরেছি।'

আরো পড়ুন: