শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে কলম্বোয় সংবাদ সম্মেলনে গম্ভীর এমনটাই জানান। গলে প্রথম টেস্টে ভারত ১৬৫ রানে জিতেছে। ফলে দুই ম্যাচের সিরিজে এখন আর জেতার সুযোগ নেই শ্রীলঙ্কার; দ্বিতীয় টেস্টে জিতলেও সিরিজ ড্র হবে। গম্ভীরের আপত্তির মূল জায়গা এখানেই।
গম্ভীর বলেন, 'আদর্শভাবে আমি তিন ম্যাচের টেস্ট সিরিজ চাইব। আমার সবসময় মনে হয়েছে, প্রথম টেস্টে হেরে যাওয়া একটি দলের সিরিজ জেতার সুযোগ থাকা উচিত। দুই ম্যাচের সিরিজে সেটা সম্ভব নয়। সর্বোচ্চ যা করা যায়, তা হলো সিরিজ ড্র করা।'
গম্ভীরের যুক্তি, তিন ম্যাচের সিরিজ হলে প্রথম ম্যাচে হারের পরও পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়িয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার সুযোগ থাকে। ভারতের নিজের অভিজ্ঞতাতেও এমন উদাহরণ আছে।
২০১৫ সালে শ্রীলঙ্কা সফরে প্রথম টেস্টে পিছিয়ে পড়েও সিরিজ জিতেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০২০-২১ মৌসুমের সিরিজেও প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল তারা।
অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজের প্রসঙ্গ টেনে গম্ভীর বলেন, 'ভারত ও অস্ট্রেলিয়ার সেই সিরিজটির কথা এখনো মনে আছে। ভারত এক ম্যাচে পিছিয়ে থেকেও ঘুরে দাঁড়িয়েছিল এবং সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল। সাধারণত তিনটি টেস্ট থাকলে এমন সিরিজই বেশি অর্থবহ হয়ে ওঠে।'
বর্তমানে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ছাড়া বেশির ভাগ দলই দুই ম্যাচের টেস্ট সিরিজে বেশি খেলছে। চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপেও শ্রীলঙ্কার সূচিতে ছয়টি দুই ম্যাচের সিরিজ রয়েছে।