পর্তুগালের অধিনায়ক হেনরিকস, স্কোয়াডে আছেন বাংলাদেশে জন্ম নেয়া ক্রিকেটার

পর্তুগাল ক্রিকেট
ময়জেস হেনরিকস
ময়জেস হেনরিকস
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
অস্ট্রেলিয়ার হয়ে চারটি টেস্ট, ১৬টি ওয়ানডে ও ২৪টি টি-টোয়েন্টি খেলেছেন ময়জেস হেনরিকস। তবে ক্যারিয়ারের ৩৯ বছর বয়সে এসে এবার তার সামনে একেবারেই ভিন্ন এক চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার এ সপ্তাহে পর্তুগালের অধিনায়ক হিসেবে মাঠে নামবেন। লক্ষ্য, দেশটিকে প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ করে দেয়া।

১৪ থেকে ২০ আগস্ট ফিনল্যান্ডে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ইউরোপ সাব রিজিওনাল কোয়ালিফায়ার সি। আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে পর্তুগালের অবস্থান ৩৭। গ্রুপ বি তে তাদের প্রতিপক্ষ ইসরায়েল, জার্মানি, গ্রিস ও চেকিয়া। গ্রুপের সেরা দল ২১ আগস্ট ফাইনালে খেলবে গ্রুপ এ এর চ্যাম্পিয়নের বিপক্ষে।

এই বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল ইউরোপীয় আঞ্চলিক ফাইনালে স্কটল্যান্ড, জার্সি ও ডেনমার্কের সঙ্গে যোগ দেবে। সেখান থেকে শীর্ষ দুটি দল যাবে বৈশ্বিক বাছাইপর্বে। লক্ষ্য ২০২৮ টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় সেই বিশ্বকাপেই জায়গা করে নেয়ার লড়াইয়ে পর্তুগাল এখন এক ধাপ এগোতে চাইছে।

পর্তুগালের ১৪ সদস্যের দলে হেনরিকস ছাড়াও আছেন সাবেক সাসেক্স, অকল্যান্ড ও ওয়েলিংটনের উইকেটকিপার ব্যাটসম্যান ক্রেইগ ক্যাচোপা। সাউথ আফ্রিকা ‘এ’ দলের হয়ে খেলা ক্যামেরন শেকলটনও আছেন দলে। দলে আরও আছেন বাংলাদেশে জন্ম নেওয়া স্পিনার সিরাজ উল্লাহ খাদেম।

এ বছর দ্য হান্ড্রেডের নিলামের জন্য প্রকাশিত প্রাথমিক তালিকাতেও জায়গা পেয়েছিলেন তিনি। এদিকে হেনরিকস অধিনায়কত্বের দায়িত্ব নিয়েছেন কার্লোস নুনেসের কাছ থেকে। ইংল্যান্ডের মিডলসেক্স কাউন্টি ক্রিকেট লিগে টুইকেনহামের অধিনায়ক নুনেস অবশ্য দলে থাকছেন। ১৪ সদস্যের স্কোয়াডে তার নামও রয়েছে।

পর্তুগালের স্কোয়াড: ময়জেস হেনরিকস (অধিনায়ক), ক্রেইগ ক্যাচোপা, এডওয়ার্ড ফ্লেমিং, ক্রিস্টোফার দে ফ্রেইতাস, রাহুলকুমার হাসু, সিরাজ উল্লাহ খাদেম, হারদীপ খুট্টান, জেরেমি মার্টিনস, ধাভালকুমার নোরোটাম (উইকেটকিপার), জর্ডান নেত্তো, কার্লোস নুনেস, সেবাস্তিয়ান দে অলিভেইরা, উপেন শান্তুর, ক্যামেরন শেকলটন।

আরো পড়ুন: