তবে এসব আলোচনা নিয়ে খুব বেশি ভাবছেন না ভুবনেশ্বর। বর্তমানে উত্তর প্রদেশের টি-টোয়েন্টি প্রতিযোগিতায় লক্ষ্ণৌ ফ্যালকনসের হয়ে খেলছেন তিনি। তার কাছে আপাতত মূল বিষয় হচ্ছে যে দলের হয়ে খেলছেন, সেখানে নিজের সামর্থ্য অনুযায়ী সেরা ক্রিকেট খেলা।
‘দলে ডাক পেলে আমি কেন না বলব? অবশ্যই প্রস্তুত আছি’, বিশ্বকাপে সম্ভাব্য দলে থাকা নিয়ে প্রশ্নের জবাবে বলেছেন ভুবনেশ্বর।
‘সত্যি বলতে, আমি কতটা প্রস্তুত, সেটা এখন নির্দিষ্ট করে বলতে পারব না। আমার কাজ ক্রিকেট খেলা। সে কারণেই এখানে উত্তর প্রদেশের বিশ ওভারের প্রতিযোগিতায় খেলতে এসেছি। অন্য কোথাও যাওয়ার বা অন্য কোনো পর্যায়ে পৌঁছানোর লক্ষ্য নিয়ে এখানে আসিনি।’
ভারতের হয়ে তিন সংস্করণেই একসময় গুরুত্বপূর্ণ পেসার হিসেবে বিবেচিত হতেন ভুবনেশ্বর। তবে চোটের কারণে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেটে তার উপস্থিতি কমে যায়। একই সময়ে বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি ভারতের বোলিং আক্রমণে নিজেদের জায়গা শক্ত করেন।
২০২২ সালের নভেম্বরের পর আর ভারতের হয়ে কোনো বিশ ওভারের আন্তর্জাতিক ম্যাচে খেলেননি ভুবনেশ্বর। তার সর্বশেষ ওয়ানডে ম্যাচও হয়েছিল ওই বছরের জানুয়ারিতে। রবি শাস্ত্রী, দীনেশ কার্তিক ও রবিচন্দ্রন অশ্বিনের মতো সাবেক ক্রিকেটাররা ভুবনেশ্বরকে ভারতের ওয়ানডে দলে ফেরানোর পক্ষে মত দিয়েছেন।
যদিও টেস্ট ক্রিকেটে তার ফেরার সম্ভাবনা প্রায় শেষ বলেই ধরা হচ্ছে। ২০১৮ সালের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেললেও প্রথম শ্রেণির ক্রিকেট চালিয়ে যাচ্ছেন তিনি। চলতি মৌসুমে রঞ্জি প্রতিযোগিতায় খেলবেন কি না, সেটি নিয়েও এখনই কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন না এই অভিজ্ঞ পেসার।
‘এখনো অনেক সময় আছে, এর মধ্যে অনেক ক্রিকেট খেলা হবে। তাই এই মুহূর্তে বলতে পারছি না, আমি প্রথম শ্রেণির ক্রিকেট খেলব কি না। তবে আমার লক্ষ্য যতটা সম্ভব বেশি ক্রিকেট খেলে যাওয়া।’